আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের বিজয়ী হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে।
আফ্রিকা নেশন্স কাপের শিরোপা জয়ের পর সেনেগাল দলের উল্লাস। ছবি: রয়টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আপিল করে জয়ী হয়েছে সেনেগাল। ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ (সিএএস) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের বিজয়ী হিসেবে সেনেগালের স্বীকৃতি পুনর্বহাল করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি রাবাতে আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। সেই ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে প্রতিবাদে সরব হয়ে গোটা দলকে মাঠ ছাড়তে বলেন সেনেগালের কোচ পাপ চাও। তখন খেলা বন্ধ থাকে ১৫ মিনিটের মতো।
ফাইনালের দুই মাস পর, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল কমিটির সিদ্ধান্তে সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয় এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
আদালতের রায়ে ওই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল এবং ম্যাচের ফল সেনেগালের ১-০ গোলে জয় হিসেবেই বহাল রইল।
সিএএস-এর রায়ে বলা হয়েছে, ম্যাচ পুনরায় শুরু করার রেফারির সিদ্ধান্তটি ‘ফিল্ড অব প্লে’ নীতিমালার আওতাভুক্ত।
সিএএস-এর মহাসচিব মাথিউ রিব বলেছেন, তাদের প্যানেল দেখতে পেয়েছে যে, “রেফারি আইনগত কোনো ভুল করেননি।”
সেনেগাল ফুটবল ফেডারেশন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, “আবারও এবং সবসময় আফ্রিকান চ্যাম্পিয়ন।”
সিএএস বলেছে, খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্তটি রেফারির একক এখতিয়ারভুক্ত ছিল এবং এই সিদ্ধান্তের প্রভাব কেবল খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ।
প্যানেল জানিয়েছে, টুর্নামেন্টের ৮২ ও ৮৪ নম্বর ধারার ওপর ভিত্তি করে মরক্কো যে দাবি জানিয়েছিল, সেগুলো তখনই কার্যকর হয়, যখন কোনো রেফারি স্থায়ীভাবে ম্যাচ বাতিল করে দেন। তাই এই ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়।
মরক্কোর ফুটবল ফেডারেশন যুক্তি দিয়েছিল যে, রেফারির সিদ্ধান্তটি ‘ফিল্ড অব প্লে’ সংক্রান্ত নিয়মের আওতাভুক্ত নয় এবং মাঠ থেকে দলের বেরিয়ে যাওয়ার ঘটনাটি ৮২ ও ৮৪ নম্বর ধারার লঙ্ঘন।
প্যানেল স্বীকার করেছে যে, রেফারি অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে সিদ্ধান্তটি নিয়েছিলেন, তবে এর মানে এই নয় যে তার সিদ্ধান্তটি ‘স্বেচ্ছাচারী’ ছিল।
সিএএস জানিয়েছে, মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পূর্ণাঙ্গ রায় জানিয়ে দেওয়া হয়েছে। গোপনীয়তা রক্ষার অনুরোধ না থাকলে, যথাসময়ে এই রায় জনসমক্ষে প্রকাশ করা হবে।
ইতোমধ্যে এই রায় নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করে মরক্কোর ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে ‘সব আইনি পথ অনুসরণ করবে।’
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে