ঝালকাঠির নলছিটি উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার (সহকারী) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সুমন (২৫)। তিনি গ্রিন ভিউ পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং বরগুনা জেলার বড়ইচর গ্রামের বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা ‘গ্রিন ভিউ পরিবহন’ এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘আবদুল্লাহ পরিবহন’-এর দুটি বাস দপদপিয়া এলাকার একটি সড়কের বাঁকে পৌঁছায়। বৈরী আবহাওয়ার কারণে সড়কে চলাচলের সময় একে অপরকে সাইড দিতে গিয়ে বাস দুটির মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেগুলো সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিন ভিউ পরিবহনের হেলপার সুমন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং বাসের ভেতরে আটকে পড়া চালক ও যাত্রীদের বের করে আনেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।