1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

৬ জেলায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ-হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

দেশের ছয় জেলায় গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারটি বাস, দুটি পিকআপ ও একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে।

এছাড়া রেললাইন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোনারগাঁয়ের কাঁচপুর সেতুর ঢাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টটার দিকে ‘মামা ভাগিনা পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় যাত্রীবেশী কয়েকজন।

যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা।

এর আগে ভোরে জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই একটি ট্রাকে মোটরসাইকেলে আসা তিনজন আগুন দেয় বলে জানান সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক।

ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘মীর এক্সক্লুসিভ’ নামের একটি বাসে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটির ভেতরের সব সিট ও বাইরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

নাশকতার উদ্দেশ্যে এ আগুন দেওয়া হয়েছে জানিয়ে ভালুকা মডেল থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদর উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে পার্কিং করে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, একটি পিকআপের সিটসহ ভেতরের অংশ পুড়ে গেছে এবং অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

বুধবার রাতে পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ককটেল বিস্ফোরণে মিলনায়তনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউএনও তামারা তাসবিহা।

এছাড়া আজ ভোররাত দুইটার দিকে সুজানগরের নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন।

বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার ভোররাত ২টা ২৫ মিনিটের মধ্যে রাজশাহী নগরী ও চারঘাটে তিনটি ঘটনা ঘটে।

নগরীর আমচত্বর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দিলে কয়েকটি সিট পুড়ে যায় এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আরএমপির মুখপাত্র গাজিউর রহমান।

এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে চারঘাটের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ায় প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও এএসপি সাবিনা ইয়াসমিন।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে পূর্বধলার বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নৈশপ্রহরী, স্থানীয় লোকজন ও টহল পুলিশ দ্রুত আগুন নেভানোয় ভেতরে কোনো ক্ষতি হয়নি বলে জানান শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও পূর্বধলা থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

এর আগে বুধবার রাতে বারহাট্টা ও জেলা সদরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি-দোকানে হামলা, ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

(দ্য ডেইলি স্টারের নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খাগড়াছড়ি, পাবনা, নেত্রকোণা ও রাজশাহী এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ