শেষ দিন সাইমন হার্মারের অফ স্পিনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে ম্যাচ বাঁচানোর সব আশা হাওয়ায় মিলিয়ে দেয় বাংলাদেশ।
পঞ্চম ও শেষ দিন লড়াইও করতে পারল না বাংলাদেশ। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ম্যাচ বাঁচাতে করতে হতো অভাবনীয় কিছু, দেখাতে হতো চোয়ালব্ধ প্রতিজ্ঞা। কিন্তু এর কিছুই করতে পারল না বাংলাদেশ। প্রথম সেশনে সাইমন হার্মারের অফ স্পিনে অসহায় আত্মসমর্পণে বড় ব্যবধানে হেরে গেল সফরকারীরা।
জোহানেসবার্গ টেস্টের শেষ দিন ম্যাচ জিততে এক সেশনের বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ রানে বাকি থাকা ৫ উইকেট নিয়ে তারা পায় ১২ রানের লক্ষ্য। যা ছুঁতে মার্কাস অ্যাকারম্যানের উইকেট হারালেও ৯ বলে ম্যাচ জিতে যায় তারা।
দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে টানা ৯ টেস্টে হারল বাংলাদেশ। সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ১৭ ম্যাচে এটি ১৫তম পরাজয়।
এই পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও কমল বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা। বলা যায়, কার্যত শেষই হয়ে গেল আশা। ৯ টেস্টে ৩ জয় ও ২ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে (৪০.৫৭ শতাংশ) পাঁচেই রইল তারা।
আট ম্যাচে ছয় জয়ে ৭২ পয়েন্ট (৭৫ শতাংশ) নিয়ে নিউ জিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
শেষ দিনে দিনের প্রথম বলেই ওভারথ্রো করে বাংলাদেশকে বাউন্ডারি উপহার দেন রাবাদা। একইসঙ্গে 'নো' বলেরও সংকেত দেন আম্পায়ার। পরের ওভারে রাবাদার বলে চমৎকার কভার ড্রাইভে মুশফিকের সঙ্গে জুটিতে সার্বিকভাবে ২ হাজার রান পূর্ণ করেন লিটন।
একই ছন্দে এগোতে থাকেন প্রথম ইনিংসে নান্দনিক সেঞ্চুরি করা কিপার-ব্যাটার। মার্কো ইয়ানসেনের পরপর দুটি বাউন্সারে দারুণ পুল শটে বাউন্ডারি মারেন তিনি। দিনের আধঘণ্টায়ই ৩০ রান করে ফেলে বাংলাদেশ।
রাবাদার নতুন ওভারে প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেন লিটন। সেটিই যেন ডেকে আনে বিপদ। ফুল লেংথে করা পরের বল আবারও ড্রাইভ করার চেষ্টায় ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্প এলোমেলো হলে ৬ চারে ৩৮ বলে ৩৯ রান করে ফেরেন তিনি।
পরের আধঘণ্টায় আর বিপদ ঘটতে দেননি মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। তাতে ইনিংস পরাজয় এড়িয়ে যায় বাংলাদেশ। তবে দুজনকে কখনও তেমন সাবলীল মনে হয়নি। ব্যাটের কানায় লেগে একাধিক বাউন্ডারি পান মুশফিক।
পানি বিরতির পর বাকি থাকা ৪ উইকেট একাই নিয়ে নেন হার্মার। ক্রিজ ছেড়ে বেরিয়ে ডিফেন্ড করতে গিয়ে গ্লাভস-প্যাড হয়ে শর্ট লেগে ধরা পড়েন মুশফিক। আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা
হার্মারের পরের ওভারে ব্যাখ্যাতীভাবে ড্রেসিং রুমের পথ ধরেন মিরাজ। অভিজ্ঞ অফ স্পিনারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে অহেতুক বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন স্পিন বোলিং অলরাউন্ডার। স্বীকৃত ব্যাটসম্যান সবার বিদায়ে বলার মতো লিড পাওয়ার আশাও মিলিয়ে যায়।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ অবশ্য চেষ্টা করেন প্রতিরোধ গড়ার। তবে তাদেরও বেশি দূর যেতে দেননি হার্মার। শর্ট ডেলিভারিতে অন সাইডে খেলার চেষ্টায় শর্ট লেগে ধরা পড়েন হাসান। পরের বল ছক্কায় ওড়াতে গিয়ে সীমানায় ক্যাচ দেন ইবাদত হোসেন চৌধুরি।
ক্যারিয়ারের চতুর্থবার ৫ উইকেট পাওয়া হার্মার সব মিলিয়ে ৫১ রানে নেন ৬ উইকেট। রাবাদার শিকার ৩টি।
মামুলি লক্ষ্যে প্রথম ওভারে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন অ্যাকারম্যান। পরের ওভারে ইবাদত হোসেন চৌধুরীর বল ছক্কায় ওড়ান এইডেন মার্করাম। তবে পরের ডেলিভারিতেই তাকে বোল্ড করে দেন ইবাদত। কিন্তু আম্পায়ার দেন 'নো' বলের সংকেত। বেঁচে যান মার্করাম। এরপর আর ম্যাচ শেষ করতে সমস্যা হয়নি তার।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে আগামী সোমবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১০০/৫) ৫৫.৩ ওভারে ১৬৮ (মুশফিক ২৩, লিটন ৩৯, মিরাজ ১৫, হাসান ৪, তাসকিন ২*, ইবাদত ০; রাবাদা ১৬-৫-৪৮-৩, ইয়ানসেন ১০-২-৩০-১, প্যাটারসন ১১-২-১৮-০, মুল্ডার ৫-২-৯-০, হার্মার ১২.৩-১-৫১-৬, মার্করাম ১-০-৩-০)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১২) *** ওভারে *** (মার্করাম ৮*, অ্যাকারম্যান ১, হামজা ০*; মিরাজ ১-০-১-১, ইবাদত ০.৩-০-৯-০)
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?