কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। গাছের গুঁড়ি, টায়ার ও বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে সড়ক অবরোধ করায় গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে আটকা পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকেই বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে এবং গাছের গুঁড়ি, পোড়ানো টায়ারসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে সড়কে অবস্থান এবং মিছিল করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা অংশ থেকে খুলনাগামী বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। একই পরিস্থিতি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেকেরহাটসহ বিভিন্ন এলাকায়। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ায় পরিবহন খাতেও দেখা দিয়েছে অচলাবস্থা।
মাদারীপুরের টেকেরহাটে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা যানবাহন আটকা পড়েছে। অবরোধের খবর পেয়ে কোনো কোনো যানবাহন আগেই মোস্তফাপুর এলাকায় যাত্রী নামিয়ে দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ছেড়ে আসা কিছু যাত্রীবাহী বাস বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেক যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকা থেকে বাগেরহাটগামী ট্রাকচালক আব্দুল হাকিম বলেন, ঢাকা থেকে স্বাভাবিকভাবে আসতে পারলেও এরপর আর সামনে এগোনোর সুযোগ হচ্ছে না। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে মালামাল নিয়ে সড়কে আটকে থাকায় ঝুঁকিতে পড়েছেন তারা। রাতে গাড়ি ও মালামালের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বরিশালমুখী ট্রাকচালক মোশারফ ফরাজী বলেন, ভোরে রওনা দিয়েও অবরোধের মুখে পড়েছেন তিনি। কতক্ষণ এ অবরোধ চলবে, তা জানা নেই। গাড়ি ও মালামাল নিয়ে দীর্ঘ সময় আটকে থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি কাজে বের হওয়া মানুষ, নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি বেড়েছে। অনেকেই ব্যাগ ও মালামাল নিয়ে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে এগিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও যাত্রীরা বিকল্প পথ খুঁজলেও যানবাহন সংকট ও সড়কে প্রতিবন্ধকতার কারণে সহজে চলাচল করতে পারছেন না।
অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগও ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধকারীদের অবস্থান থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সীমিত বলে স্থানীয়দের অভিযোগ। টেকেরহাট থেকে ভাঙ্গা পর্যন্ত কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলেও জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হওয়া ভাঙ্গা ইন্টারসেকশনে যাত্রীবাহী একটি পরিবহন থেকে নেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভেঙে ভেঙে যাওয়ার যানবাহন খুঁজছেন শিরিন আক্তার। তিনি বলেন, 'একা এসেছি। খুলনা যাব। জরুরি তাই এসেছিলাম, কিন্তু আর যাওয়ার উপায় নেই। এখন ছোট কোনো যানবাহনে বা হেঁটে হেঁটে কতটুকু যেতে পারি তাই চেষ্টা করছি।'
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ মুঠোফোনে জানান, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু ছোট যানবাহন চলাচল করছে। সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি ও পোড়ানো টায়ার অপসারণের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনের দায়িত্ব বলে জানান।
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া বাজারে কেনাকাটা করতে এসেছিলেন সবিতা রানী। তিনি ভয়, উৎকণ্ঠা ও আতঙ্ক নিয়ে কেনাকাটা করছেন। চারদিকে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড আর মিছিল—এ যেন আতঙ্কের নগরী। কখন কার ওপর হামলা হয়। তিনি বলেন, 'আমরা যারা নিরীহ আন্দোলন সংগ্রাম বুঝি না তারাই বিপদে আছি।'
হাতে তৈরি করা নৌকার বৈঠা নিয়ে স্লোগান দিচ্ছেন শংকর মন্ডল। তিনি বলেন, 'কোনো আপস নয়, এই সরকারের পতন চাই আর আমাদের প্রাণপ্রিয় নেত্রীর দেশে ফেরত চাই। আমাদের দাবিগুলো মেনে নিয়ে নেত্রীকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত আমাদের এই সংগ্রাম আন্দোলন চলবেই।'
ঘোনা বাজারের ব্যবসায়ী মোকলেস মৃধা বলেন, 'ব্যবসা বন্ধ হলে ক্ষতি তো কিছুটা হবেই। লকডাউনের কারণে গত কয়েকদিন ধরেই ব্যবসায় মন্দা যাচ্ছে।তারপরও আমরা আন্দোলনের সাথে একমত হয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখব।'
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য মোহাম্মদ আম্মার মিয়া অসীম জানান, মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন। শেষে পেট্রোল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.