শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস) তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আজ ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার পক্ষে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পক্ষে বিডি লেপাচু লিমিটেড জেনারেল ম্যানেজার মি. হে ঝি লং, চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ সংখ্যক শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস (অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ এবং স্লিপ-অন সিরিজ) উৎপাদন করবে।
আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি এবং সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এই পণ্যগুলো ল’রিয়েল, ওয়েলা, কাও এবং হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হবে।
কোম্পিানিটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হবে বলে আশা করা হচ্ছে এবং কোম্পানিটিতে ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রচলিত তৈরি পোশাক খাতের বাইরে অপ্রচলিত ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ঝুড়ি বৈচিত্র্যময় করার ক্ষেত্রে বেপজার চলমান প্রচেষ্টায় এই বিনিয়োগ আরও একটি নতুন মাইলফলক যুক্ত করল।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য এবং বেপজার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।
তিনি বৈচিত্র্যময় খাতে যুক্তরাষ্ট্রসহ ও অন্যান্য দেশের বিনিয়োগ আকর্ষণে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং কারখানা স্থাপন ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিডি লেপাচু লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অক্টোবর, ২০২৬ পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৮টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেড থেকে এ পর্যন্ত মোট ২,৩৭১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে এবং প্রকৃত বিনিয়োগ এসেছে ২৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যার মাধ্যমে ২০,৯২৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।
উল্লেখ্য, ঈশ্বরদী ইপিজেডে বিদ্যমান চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা (উইগ) এবং কসমেটিকস পণ্য উৎপাদন করছে যা তৈরি পোশাকের বাইরে বৈচিত্র্যময় উৎপাদন শিল্পের উদীয়মান কেন্দ্র হিসেবে এই ইপিজেডের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।