রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো একজন যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আতিকুল ইসলাম নামের আরো একজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক, হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন।