1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা: চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ যাত্রীকে হত্যার অভিযোগ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

ভ্রাম্যমাণ ল্যাবে হবে খাদ্য পরীক্ষা, ৩৯০ কোটি টাকার ভ্যান কিনতে চায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

খাদ্য পরীক্ষার কাজ সড়কে নিয়ে যেতে ৭২টি ভ্রাম্যমাণ মিনি ল্যাবরেটরি ভ্যান কিনতে চায় খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর অভিযানের অংশ হিসেবে সব জেলা ও মহানগরের জন্য এসব ভ্যান কিনতে চায় কতৃপক্ষ। ভ্রাম্যমাণ এই মিনি ল্যাবরেটরি ভ্যানে ভোজ্যতেল, দুধ, ঘি, হলুদ ও মরিচের গুঁড়ার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য হাতেনাতে পরীক্ষা করা যাবে।

বিএফএসএর কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, পরীক্ষার কিট বসানো বিশেষভাবে তৈরি এসব ভ্যানে তাৎক্ষণিক পরীক্ষা করা যাবে এবং জনসচেতনতা বাড়াতেও সহায়তা মিলবে। দেশের প্রতিটি জেলায় থাকা বর্তমান মিনি ল্যাবের পরিপূরক হিসেবে এগুলো কাজ করবে।

এদিকে, সাতটি বিভাগীয় শহরে দুই বছর ধরে ভ্রাম্যমাণ মিনি ল্যাবরেটরি ভ্যান চলছে। কর্তৃপক্ষ বলছে, এই ভ্যান সারা দেশে চালু করা সম্ভব।পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো বিএফএসএর প্রস্তাবে বলা হয়েছে, ৭২টি ভ্যান কিনতে খরচ হবে প্রায় ৩৯০ কোটি টাকা। সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্প শেষ করতে চায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, অভিযান চলাকালে খাদ্যের নমুনা তাৎক্ষণিক পরীক্ষার জন্যই এসব ভ্যান দরকার।

তিনি ডেইলি স্টারকে বলেন, ‘বর্তমান সক্ষমতায় দেশের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন খাবারে ভেজাল ও দূষণ শনাক্ত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বেশ কঠিন। সে কারণেই এসব ভ্যান প্রয়োজন।’

ঢাকা ও বরিশালে ল্যাব ভ্যান ঘুরে দেখা গেছে, প্রতিটি ভ্যানে মাসে গড়ে ৭০ থেকে ৮০টি নমুনা পরীক্ষা করা যায়।

বরিশালের ভ্যানে ৩২ ধরনের খাবার পরীক্ষা করা যায়। এর মধ্যে আছে দুধ, ঘি, হলুদ, মরিচ, গোলমরিচ, ধনেগুঁড়া, ভোজ্য ও নারকেল তেল, ডাল, সেদ্ধ চাল, মিষ্টি, আইসক্রিম, কাঁচা সবজি, মধু, পাউরুটি, মাছ ও লবণ। ফল পেতে কয়েক মিনিট থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত লাগে।

বরিশাল শহরের ভ্যানে একজন চালক, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন ল্যাব সহকারী আছেন।

বিএফএসএর বরিশাল মহানগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক জানান, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি বাবদ ৬০ হাজার টাকা পাওয়া গেছে আগস্ট মাসে।

তবে ভ্যানের সীমাবদ্ধতাও আছে। যেমন, দুর্গম এলাকায় এগুলো যেতে পারে না, আবার সব ধরনের ভেজালও ধরা যায় না।

সাগর বলেন, ফেরি পারাপারের ঝামেলার কারণে বরিশালের ল্যাব ভ্যানটি ভোলায় যেতে পারেনি। ঘিয়ের ক্ষেত্রে এটি শুধু বনস্পতি (উদ্ভিজ্জ চর্বি বা রান্নার তেল) শনাক্ত করতে পারে, অন্য ধরনের ভেজাল নয়।

প্রস্তাবটি নিয়ে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তি ও বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যরা প্রশ্ন তুলেছেন, সড়ক অবকাঠামো দুর্বল এমন দেশে ল্যাব ভ্যান কতটা বাস্তবসম্মত।

এদিকে, জেলার মিনি ল্যাবগুলোর অনেকটিই ধুঁকছে। প্রায় অর্ধ ডজন ল্যাবে জনবল বা যন্ত্রপাতির ঘাটতি পাওয়া গেছে।

কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে ২০২১ সালে জেলা মিনি ল্যাব প্রকল্প শুরু হয়। এর লক্ষ্য ছিল নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার উন্নতি, পরিদর্শন ও নমুনা সংগ্রহ জোরদার করা, ল্যাবরেটরির কার্যক্রম উন্নত করা, জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি।

বিএফএসএর নথি অনুযায়ী, প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৫ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ১৫ কোটি টাকা, বাকিটা দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। প্রকল্প ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল, তবে মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

কয়েকটি জেলা কার্যালয় ঘুরে দেখা গেছে, ল্যাবগুলোতে জনবল ও যন্ত্রপাতি—দুটিরই ঘাটতি রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ল্যাব চালানোর জন্য কোনো টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়নি। ফলে কার্যালয়প্রধানকেই বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে।

নারায়ণগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার বলেন, কর্তৃপক্ষের মূল জনবল কাঠামোয় জেলা পর্যায়ে টেকনিশিয়ানের কোনো পদ ছিল না। সাম্প্রতিক সংশোধনে একটি পদ তৈরি হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জের মতো শিল্পপ্রধান জেলার জন্য তা যথেষ্ট নয়।

খুলনার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বলেন, মহানগর কার্যালয়ের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব চালু নেই, কারণ সেখানে ল্যামিনার এয়ার ফ্লো ক্যাবিনেট নেই।

চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ল্যাবে আলাদা কোনো কর্মী নেই। তাই কারিগরি প্রশিক্ষণ না থাকলেও তাকেই পরীক্ষা করতে হচ্ছে।

রাঙামাটি কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় বলেন, ল্যাব চালু আছে, তবে পূর্ণ সক্ষমতায় চলছে না। কার্যালয়প্রধান ও একজন অফিস সহকারী ছাড়া পর্যাপ্ত জনবল নেই।

যোগাযোগ করা হলে বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সরকার ২৯১টি অতিরিক্ত পদ অনুমোদন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে লোকবল নিয়োগ ও পদায়ন করা হলে জনবল-সংকট কমবে।

যন্ত্রপাতি অচল থাকার বিষয়ে তিনি বলেন, মিনি ল্যাবগুলো যাতে পুরোপুরি ব্যবহার করা যায়, সে জন্য রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের খাদ্য, পুষ্টি ও কৃষি গবেষণাগারের প্রধান বিজ্ঞানী লতিফুল বারী ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান চালানোর উচ্চ ব্যয়ের কথা তুলে ধরেন। এর মধ্যে আছে চালকের বেতন, জ্বালানি, এয়ার কন্ডিশনিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে ভ্রাম্যমাণ ভ্যানের যে মডেল চালু আছে, অবকাঠামো, সড়কের অবস্থা ও সুযোগ-সুবিধার পার্থক্যের কারণে তা বাংলাদেশের জন্য উপযোগী নয়।

তার মতে, বিএফএসএ তীব্র জনবল-সংকটে আছে। ব্যয়বহুল যন্ত্রপাতি ও অবকাঠামোয় বিনিয়োগের আগে তাদের যোগ্য লোকবল নিয়োগ দেওয়া উচিত। পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকলে ল্যাব চালানো ও প্রয়োজনীয় পরীক্ষা করা কর্তৃপক্ষের জন্য কঠিন হবে।

এর বদলে লতিফুল দেশে তৈরি দ্রুত শনাক্তকরণ কিট উদ্ভাবন করে তা নিরাপদ খাদ্য কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন। এতে কম খরচে কার্যকরভাবে মাঠপর্যায়ে পরীক্ষা করা সম্ভব হবে।

তিনি বলেন, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড মাঠপর্যায়ে ব্যবহারের জন্য শতাধিক নিজস্ব দ্রুত শনাক্তকরণ কিট তৈরি করেছে। খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যাপকতর উদ্যোগে যাওয়ার আগে ভেজাল রোধকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ