1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

৪২০টির বেশি শিক্ষামূলক খেলা যোগ হচ্ছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রমে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

২০২৮ সালের জন্য সংশোধিত পাঠ্যক্রমের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলার পদ্ধতি তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে শ্রেণিকক্ষে খেলনা ও হাতে-কলমে শেখার বিভিন্ন কার্যক্রম যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন পাঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই খেলাগুলোর পদ্ধতি তৈরি করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এছাড়া, প্রাথমিকের সংশোধিত পাঠ্যক্রমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের (স্টেম) সমন্বিত শিক্ষা আরও কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘গণসাক্ষরতা অভিযান’ (ক্যাম্পে) ও ‘নেটজ বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে গতকাল বুধবার এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'একাডেমি ইতোমধ্যে ৪২০টির বেশি খেলার নকশা তৈরি করেছে। প্রতিটি ক্লাসের জন্য এমন কিছু কার্যক্রম তৈরি করা হয়েছে। এগুলো শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তুলবে।'

তিনি বলেন, 'প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খেলনার মাধ্যমে যোগ-বিয়োগ শিখতে পারবে এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে ধারণা পাবে।'

'আমরা ২০২৮ সালে সংশোধিত পাঠ্যক্রম করতে চাই। এটি বড় ধরনের কর্মযজ্ঞ হলেও সেই লক্ষ্যেই আমরা কাজ করছি,' বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত শিক্ষাসামগ্রীর মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি থাকবে ওয়ার্কবুক, ভিডিও পাঠ, বিভিন্ন খেলা ও খেলনা। এছাড়া, যেসব বিদ্যালয়ের জায়গা কম, সেখানে ভবনের ছাদে খেলার মাঠ তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।

'শিশুদের কৌতূহল বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,' বলেন তিনি।

ববি হাজ্জাজ জানান, দেশের প্রায় ৩৬ হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তবে নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা দূর হওয়ায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শূন্যপদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

প্রায় ১২ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের মেয়াদ ১০ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের বাইরেও শিক্ষকদের ৩৭টি অতিরিক্ত দায়িত্ব রয়েছে বলে তিনি জানান।

সভায় একটি গবেষণার ফলাফল তুলে ধরে ‘স্কিলস ইন্সপায়ার’-এর প্রধান পরামর্শক আতাউল গনি ওসমানি প্রতিটি বিদ্যালয়ে ১০ হাজার টাকা ব্যয়ে, পুনরায় ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে স্বল্প খরচের ‘স্টেম’ কর্নার স্থাপনের প্রস্তাব দেন। তিনি পাঠ্যক্রম সংশোধনের আগে ৩০০-৫০০ বিদ্যালয়ে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার পরামর্শ দেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানান, শিক্ষক প্রশিক্ষণ ও মেন্টরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, অনেক শিক্ষার্থী এখনও মৌলিক পাঠ দক্ষতা অর্জনে হিমশিম খাচ্ছে, যার ফলে উন্নত শিক্ষাদান পদ্ধতি প্রবর্তন করা কঠিন হয়ে পড়ছে।

পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ অধ্যাপক নূরুন নবী আলম জানান, পাঠ্যক্রমে ইতিমধ্যেই ‘স্টেম’ নীতিগুলো অন্তর্ভুক্ত রয়েছে, তবে সেগুলো বাস্তবায়নের জন্য শিক্ষকদের সহায়তা প্রয়োজন। তিনি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে বিদ্যমান ঘাটতিগুলো পর্যালোচনা করার সুপারিশ করেন।

ক্যাম্পের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ