আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ
চট্টগ্রাম–সিলেট রুটে চলাচলকারী উদয়ন এক্সপ্রেস ট্রেনের এসি কোচ থেকে একের পর এক কনডেন্সার কয়েল ও বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল বুধবার চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে উদয়ন এঙপ্রেসের এসি কোচ নম্বর (১৩০১) এর ২ নম্বর ইউনিটের একটি কনডেন্সার কয়েল চুরি হয়েছে। দুর্বৃত্তরা কোচের ছাদে থাকা সেফটি নেটের ওয়েল্ডিং কেটে কয়েলটি নিয়ে যায়। এতে এসি কোচের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের সিলেটের ঊর্ধ্বতন উপ–সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রতীশ পাল জরুরি তারবার্তার মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও একই ট্রেনের এসি কোচের ছাদ থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক মালামাল চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে সাধারণ ডায়েরি করা হলেও চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কার্যকর অগ্রগতি না থাকায় একই ধরনের ঘটনা বারবার ঘটছে। ফলে জিডি করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে চুরি প্রতিরোধের উদ্যোগ। অন্যদিকে, ট্রেনের ছাদে অবৈধভাবে যাত্রী ওঠা বন্ধ করতে রেলওয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা থাকলেও বাস্তবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংশ্লিষ্টদের আশঙ্কা, ছাদে অবাধ চলাচলের সুযোগ কাজে লাগিয়েই সংঘবদ্ধ চোরচক্র এসি কোচের মূল্যবান যন্ত্রাংশ চুরির সুযোগ পাচ্ছে।
এভাবে এসির কনডেন্সার কয়েল, বৈদ্যুতিক কেবলসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হতে থাকলে এসি কোচের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একপর্যায়ে যন্ত্রাংশের অভাবে কোচগুলো বিকল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এতে যাত্রীরা কাঙ্ক্িষত সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি রেলওয়েকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। রেলের কর্মকর্তা–কর্মচারীরা বলছেন, চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা জরুরি। একই সাথে ট্রেনের ছাদে অবৈধভাবে লোক ওঠা বন্ধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।