আগামী ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক দেওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আগামী অর্থবছরের প্রথম দিন থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক অটোমেটেড চালান সিস্টেম বা ‘এ-চালান’ এর মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে সরকার।
শুল্কের পরিমাণ যত কমই হোক, এ নিয়ম প্রযোজ্য হবে বলে মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক দেওয়া যাবে। অর্থাৎ নতুন ব্যবস্থায় যাওয়ার জন্য প্রায় আট মাস সময় মিলছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ-চালানের মাধ্যমে পুরো স্ট্যাম্প শুল্ক দিলে নিবন্ধনযোগ্য দলিল লিখতে হবে কার্টিজ পেপারে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রশিদের মুদ্রিত কপি যুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় এ-চালানের নম্বর বসাতে হবে।
বিমা পলিসির ওপর প্রদেয় স্ট্যাম্প শুল্কও এ-চালানে দেওয়া যাবে। সে ক্ষেত্রে পলিসির সঙ্গে রশিদের মুদ্রিত কপি যুক্ত করতে হবে। রশিদে সংশ্লিষ্ট বিমা পলিসির সনাক্তকরণ নম্বর থাকতে হবে এবং পলিসির প্রথম পাতায় এ-চালানের নম্বর লিখতে হবে।
একযোগে একাধিক (বাল্ক) ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধ করা হলে প্রত্যেকের নাম ও সনাক্তকরণ নম্বর দিতে হবে। এ নম্বর হতে পারে টিআইএন, এনআইডি, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ-চালানের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ ব্যবস্থা অটোমেটেড হলে প্রচলিত ইম্প্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ এবং কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে।
“এ ছাড়া জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে বলে আশা করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।”
নন-জুডিশিয়াল স্ট্যাম্প সাধারণত জমি বা সম্পত্তি হস্তান্তর, ভাড়াচুক্তি, হলফনামা ও বিভিন্ন চুক্তিপত্রের মতো আইনি ও বাণিজ্যিক দলিলে ব্যবহৃত হয়।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?
মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন