1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

টপ অর্ডারে বাঁহাতিদের ভিড়, সমাধান হিসেবে রবিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারের ছড়াছড়ি। ওপেনার সাদমান ইসলাম থেকে তানজিদ হাসান তামিম, এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক, প্রথম চারজনই বাঁহাতি। ফলে প্রতিপক্ষের পেসারদের জন্য বোলিংয়ের পরিকল্পনা সাজানো অনেক সময় সহজ হয়ে যায়। বিশেষ করে ডানহাতি পেসারদের বিপক্ষে এই ব্যাটারদের দুর্বলতা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সামনে এসেছে। তাই দীর্ঘদিন ধরেই একজন ডানহাতি ওপেনারের খোঁজ করছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের আগে মাহমুদুল হাসান জয়ের চোট সেই প্রয়োজন আরও বাড়িয়ে দিয়েছে। আর তাতেই প্রথমবার জাতীয় দলের দরজা খুলে গেছে ২২ বছর বয়সী মাহফিজুল ইসলাম রবিনের জন্য।

সোমবার (৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বেশ কয়েকটি পরিবর্তন থাকলেও সবচেয়ে বড় চমক রবিনের অন্তর্ভুক্তি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তরুণ এই ওপেনার। তবে শুধু রান করাই নয়, ডানহাতি ব্যাটার হওয়াটাও তার জাতীয় দলে জায়গা পাওয়ার অন্যতম কারণ।

বাংলাদেশের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য নতুন কোনো সমস্যা নয়। সাদমান, তানজিদ, শান্ত ও মুমিনুল চারজনই বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষের বোলাররা একই ধরনের লাইন-লেংথে বল করার সুযোগ পান। বিশেষ করে ডানহাতি পেসাররা রাউন্ড দ্য উইকেট থেকে বল করে বাঁহাতি ব্যাটারদের বেশ বিপদে ফেলতে পারেন।

এই কৌশলে বল কখনো ব্যাটারের শরীরের দিকে আসে, আবার কখনো অ্যাঙ্গেল তৈরি করে বাইরের দিকে বেরিয়ে যায়। ফলে ব্যাটারদের জন্য অফ স্টাম্পের অবস্থান বুঝে শট নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে ডিআরএসের ব্যবহার যোগ হওয়ায় এলবিডব্লিউয়ের সম্ভাবনাও বেড়েছে। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ এই কৌশল কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষেও গত কয়েক বছরে এমন দৃশ্য দেখা গেছে বারবার। বিশেষ করে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো এবং ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ও আলজারি জোসেফের মতো ডানহাতি পেসাররা টাইগার ব্যাটারদের বেশ ভুগিয়েছেন। গত পাঁচ বছরে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসারদের মধ্যে এগিয়ে রয়েছেন এই তিনজন।

টপ অর্ডারে টানা বাঁহাতি ব্যাটার থাকলে বোলারদের একই পরিকল্পনা ধরে রাখার সুযোগ তৈরি হয়। তবে মাঝখানে একজন ডানহাতি ব্যাটার থাকলে বোলিংয়ের অ্যাঙ্গেল ও লাইন বদলাতে হয়। এতে প্রতিপক্ষের ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটানো সম্ভব। মূলত সেই ভারসাম্য ফেরাতেই রবিনকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশারও বিষয়টি আড়াল করেননি। দল ঘোষণার সময় তিনি জানিয়েছেন, ডানহাতি ওপেনারের প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই অনুভব করছিলেন তারা। রবিনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে আগেই ডাকতে হয়েছে।

হাবিবুল বলেন, ‘রবিনকে আমরা শুরু থেকেই বিবেচনায় রেখেছিলাম। কারণ আমাদের মনে হয়েছে, একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব জরুরি। কিন্তু প্রস্তুত কোনো বিকল্প আমাদের হাতে ছিল না। আমরা আসলে রবিনকে আরও কিছুটা সময় দিতে চেয়েছিলাম।’

নির্বাচকদের প্রথম পরিকল্পনায় অবশ্য ছিলেন মাহমুদুল হাসান জয়। টপ অর্ডারে ডানহাতি ব্যাটার হিসেবে ভারসাম্য ফেরানোর সুযোগ ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে যান তিনি। ফলে রবিনকে দলে নেওয়ার সিদ্ধান্ত আরও জরুরি হয়ে পড়ে।

তবে শুধু ডানহাতি হওয়ার কারণেই জাতীয় দলে জায়গা পাননি রবিন। ঘরোয়া ক্রিকেটে তার সাম্প্রতিক পারফরম্যান্সও যথেষ্ট উজ্জ্বল। চলমান জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ওপেনার। ১০ ইনিংসে ৬৭২ রান করেছেন তিনি, গড় ৭৪.৬৭। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের ইনিংসও খেলেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক এই পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের হয়েও নির্বাচকদের নজর কেড়েছেন রবিন। ফলে তাকে জাতীয় দলে নেওয়ার পেছনে যথেষ্ট ক্রিকেটীয় যুক্তিও রয়েছে।

হাবিবুল বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা তাকে দেখেছি। এ দলের হয়েও খেলেছে, যেখানে তাকে বেশ সম্ভাবনাময় মনে হয়েছে। আমাদের টপ অর্ডারে যেহেতু বাঁহাতি ব্যাটার অনেক বেশি, তাই একজন ডানহাতি ব্যাটার প্রয়োজন। সেই কারণেই রবিনকে বেছে নিয়েছি।’

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরেছেন আরেক ওপেনার নাঈম শেখ। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর আর জাতীয় দলের সাদা পোশাকে দেখা যায়নি তাকে। দীর্ঘ চার বছর পর আবারও সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। চোট পাওয়া সাদমান ইসলামের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে।

নাঈমও জাতীয় ক্রিকেট লিগে দারুণ ছন্দে রয়েছেন। সাত ইনিংসে ৬১২ রান করেছেন তিনি। ফলে রবিনের পাশাপাশি নাঈমও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওপেনিংয়ের গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছেন।

অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার অমিত হাসান। স্পিনার নাঈম হাসানের জায়গায় নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশন বিবেচনায় এই পরিবর্তন এনেছেন নির্বাচকেরা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ