এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের অভিযানে ৯০ পিস ই-সিগারেটসহ ভেপ জব্দ করা হয়েছে। একই অভিযানে জব্দ করা হয় ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিমসহ ১০০ গ্রাম স্বর্ণালংকার। এ ছাড়া পৃথক অভিযানে জব্দ করা হয় ১৬৬ কার্টন সিগারেট।
দুইদিনের এসব অভিযানে জব্দ পণ্যের বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা। আজ রোববার (৮ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআরের কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুদিনে (শুক্রবার ও শনিবার) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। গত শুক্রবার বিমানবন্দরে অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট ও ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
তদন্তে দেখা যায়, ওই যাত্রীর পাসপোর্টে এর আগে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে আবারও ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসায় এবার তা আটক করা হয়। অন্যদিকে গতকাল শনিবার কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।