এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ছয়টিতেই ইংরেজি বিষয়ে পাসের হার কমেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে।
আজ শনিবার প্রকাশিত বিষয়ভিত্তিক ফল অনুযায়ী, বরিশাল বোর্ডে ইংরেজিতে পাস করেছেন ৫৪ দশমিক ০৮ শতাংশ পরীক্ষার্থী। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ। অর্থাৎ, এক বছরে পাসের হার কমেছে ২১ দশমিক ০৮ শতাংশ।
গত বছর ইংরেজিতে সর্বোচ্চ পাসের হার ছিল বরিশাল বোর্ডে। এবার নয়টির মধ্যে এই বোর্ডেই সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে।
এ বছর ইংরেজিতে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, ৭৩ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ, পাসের হার প্রায় অপরিবর্তিত রয়েছে।
রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার কমে ৫৬ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৮২ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৭ শতাংশ থেকে কমে হয়েছে ৫৬ দশমিক ০৫ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে পাসের হার গত বছরের ৬১ দশমিক ৯২ শতাংশ থেকে কমে ৫৯ দশমিক ১১ শতাংশ হয়েছে। কুমিল্লা বোর্ডে তা ৬৫ দশমিক ২৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৮৩ শতাংশে।
তবে তিনটি বোর্ডে ইংরেজিতে পাসের হার বেড়েছে। চট্টগ্রাম বোর্ডে গত বছরের ৬৩ দশমিক ৭৬ শতাংশ থেকে বেড়ে এবার পাসের হার হয়েছে ৬৫ দশমিক ৭৭ শতাংশ। সিলেট বোর্ডে ৬৪ দশমিক ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬৫ দশমিক ৮৪ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার সামান্য বেড়ে ৫৪ দশমিক ৮২ শতাংশ থেকে ৫৪ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের কোনোটিতেই ইংরেজিতে পাসের হার ৭৫ শতাংশে পৌঁছায়নি। পাঁচটি বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, সব সাধারণ শিক্ষা বোর্ডেই বাংলা বিষয়ের তুলনায় ইংরেজিতে পাসের হার কম।
এ বছর প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়।