১০ পয়েন্টের ব্যবধানে জিতেছে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল।
কম্পাউন্ড নারী দলগত বিভাগে সোনা জয়ের হাসি সঙ্গী হয়েছে বাংলাদেশের। ছবি: আর্চারি ফেডারেশন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
শুরুর ধাপে দুই পয়েন্টে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বন্যা-শ্রীপর্ণা-মনিদের। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।
ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
এই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া। ৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেন বন্যারা। পরের দুই সেটেও ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জিতে যায় বন্যা-মনিরা।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমি-ফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।
দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। বন্যাদের জয়ে ওই হারের ক্ষতে কিছুটা প্রলেপও দিতে পারল বাংলাদেশ।
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা