সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আবেদন করেছেন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের মামলার বাদী।
রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ আবেদন করেন বাদী নওশের আলম।
আবেদনে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত ২টা থেকে সকাল ৭ পর্যন্ত যেকোনো সময় রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন বাসা নম্বর ৫৮/২/এ, ফ্ল্যাট নম্বর A4 (৫ম তলা), পশ্চিম রাজাবাজার ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারওয়ার (সাগর সারওয়ার) ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন নাহার (মেহেরুন রুনি)।
আবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৪ বছরেও এই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স এই মামলা তদন্ত করছে, যার নেতৃত্ব দিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। কিন্তু টাস্ক ফোর্স গঠনের পর প্রায় দুই বছর হতে চললেও তারা তদন্তের ন্যূনতম অগ্রগতি করতে পারেননি।
‘আমরা পরিবারের সদস্যরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্ট্রারভুক্ত করে এই মানবতাবিরোধী অপরাধের যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ’ করার দাবি জানানো হয় আবেদনে।