সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে। এ ব্যাপারে সরকার কার্যকর সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারজানা শারমীন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। ভোটাররা নির্বাচনে যোগ্য, মেধাবী এবং শিক্ষিত মানুষের মূল্যায়ন করতে পারবেন। নির্বাচনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে চায় সরকার। আমাদের চেষ্টা থাকবে, এই ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করে দেশে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দায়িত্ব গ্রহণের পরে সরকারের কার্যক্রমে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। আমরা মানুষের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। তবে বিগত সরকারের পরনির্ভরশীল নীতির কারণে গ্যাস, বিদ্যুৎ এবং তেলের সমস্যা হচ্ছে। মানুষের এই দুর্ভোগ, এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি। বর্তমান সরকার এমনভাবে জ্বালানি খাতের বিদ্যমান সমস্যার সমাধান করতে চায়, যেন বাংলাদেশকে আর কারো উপর নির্ভরশীল না থাকতে হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী বারংবার এবং আমরা যখন যেখানে যাই, তখন দেশের সকল মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই, এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহা. শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
এরপর প্রতিমন্ত্রী পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে পাবনা রওনা করেন। আগামী তিনি সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন।
তিনদিনের এই সরকারি সফরে প্রতিমন্ত্রী পাবনা ছাড়াও নাটোরের তিনটি উপজেলায় একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও অংশগ্রহণ করবেন।