ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলার একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার তুষখালী গ্রামের আকবর মিয়ার ছেলে আরিফুর রহমান (২৩) এবং বরিশাল জেলার গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩৪)।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমান ঘটনাস্থলে ও মোটরসাইকেল আরোহী সালাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক কাজী ওবায়দুল কবির জানান, ভাঙ্গা উপজেলার একটি ব্রিজে মোটরসাইকেলের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন।
তাদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।