তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের স্বামী হাফিজ আমির হাসান মারা গেছেন। গতকাল সোমবার জাঞ্জিবারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানজানিয়ার ভাইস প্রেসিডেন্ট ডিওগ্রেশাস ন্দেজেম্বি আনুষ্ঠানিকভাবে হাফিধ আমির হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন আমির।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় জাঞ্জিবারের এমিলিও মজেনা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর সোমবার সন্ধ্যায় জাঞ্জিবারের কিজিমকাজি এলাকায় পারিবারিক বাসভবনে তাকে দাফন করা হয়।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হাফিজ আমির হাসান ছিলেন একজন কৃষিবিদ ও শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিন ধরে জনসম্মুখ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন এবং প্রেসিডেন্ট সামিয়ার সঙ্গে খুব কমই প্রকাশ্যে দেখা যেত তাকে। ২০২১ সালে সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির প্রথম ‘ফার্স্ট জেন্টলম্যান’ হিসেবে পরিচিতি পান।
আমির হাসানের মৃত্যুতে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট সামিয়া তার আজীবনের সঙ্গীকে, তার সন্তানরা একজন প্রিয় বাবাকে এবং তানজানিয়া একজন বিশিষ্ট সন্তানকে হারিয়েছে।
জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমাও তানজানিয়ার প্রেসিডেন্টের পরিবার ও দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে তারা তানজানিয়া ও দেশটির প্রথম পরিবারের পাশে রয়েছেন।
হাফিজ আমির হাসানের মৃত্যুতে তানজানিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।