পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো গ্রুপিং নেই। সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্যক্তি পছন্দের কি অপছন্দের, সেটি মুখ্য নয়। যিনি উন্নয়ন করবেন, তাকেই স্বাগত জানাতে হবে। উন্নয়নকে ঘৃণা করে আর অগ্রসর হওয়া যাবে না।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজুমহ প্রমুখ।
প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলার ৭৫০ জন উপকারভোগীর মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়।