এক বছরের বেশি বয়সি শিশুদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
ভ্যাকসিন প্রয়োগের নিয়ম ও কার্যকারিতা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন এক বছরের বেশি বয়সী শিশুদের নিরাপদে প্রদান করা সম্ভব। দুই ডোজের এই টিকাদানের ক্ষেত্রে ডোজ দুটির মাঝে কমপক্ষে দুই সপ্তাহের বিরতি রাখতে হবে।
এই ভ্যাকসিন গ্রহণ করলে একজন ব্যক্তি অন্তত ৩ থেকে ৫ বছর পর্যন্ত কলেরা রোগ থেকে সুরক্ষা পেতে পারেন। সরকারের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৫০ লাখের বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, দেশবাসীকে এই মুহূর্তে হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
সিটি করপোরেশনের কার্যকর প্রচেষ্টার ফলে এবার এখন পর্যন্ত রাজধানীতে মশার বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি, ডেঙ্গু প্রতিরোধে তিনি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।