রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), সান্ত্বনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫), শোভা চাকমা (৫২)। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি যাত্রীবাহী পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা নামে তিনজন যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনক শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সওকত আকবর খান জানায়, এখানে দু’জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, দুর্ঘটনায় আহতরা সবাই কৃষিপণ্য ব্যবসায়ী। দুর্ঘটনায় আহত এবং নিহতদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।