সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা। ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে।
অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে।
প্রস্তাবনায়, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কমবেশি হতে পারে। উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত হয়।
খসড়া অনুসারে, চলতি বছরের জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। ধাপে ধাপে এর বাস্তবায়ন ২০২৮ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।
কমিটির সদস্যরা জানিয়েছেন, এই প্রস্তাবনা কাটছাট করতে পারে মন্ত্রিপরিষদ।
এ ছাড়া কত ধাপে তা বাস্তবায়ন করা হবে মন্ত্রিপরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। জটিলতা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।