ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের হাতে চালকসহ তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয় এবং ট্রাকটিতে ভাঙচুর চালায়। এতে ট্রাকচালক হান্নান (৪৫) মারা যান। তাঁর বাড়ি বোয়ালমারী উপজেলায় বলে জানা গেছে।আহত দুইজন হলেন, চালকের সহকারী (হেলপার) নাঈম (২২) ও আল-আমিন (২৫)। নাঈমের বাড়ি সালথা উপজেলার সোনাখোলা এবং আল-আমিনের বাড়ি একই উপজেলার কাগদী এলাকায়।
স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ জনের মতো পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি দোকানে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।
তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই স্থানীয়রা ড্রাইভারসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল।’ তিনি বলেন, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।