নতুন সরকারে শপথ অনুষ্ঠান উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকার নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে। এতে শহরের বিভিন্ন রুটে যান চলাচলে ব্যাঘাত দেখা দিতে পারে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় সীমিত সময়ের জন্য বন্ধ থাকবে ঢাকার নির্দিষ্ট কিছু সড়ক।
বিএনপির নেতৃত্বে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ডিএমপি। অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, শপথ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এতে সাময়িক অসুবিধা এড়াতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার ও ডাইভারশন পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে এ ডাইভারশন চলমান থাকবে।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক-
মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউ- মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট- ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।
আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং- আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি- এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি- মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে চলাচল করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে- শপথ অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।
সব ধরনের যানবাহন চালকদের আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।