1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চনের।

গত রোববারও ভক্তদের সামনে এসেছিলেন তিনি, তবে এবার তাকে দেখা গেছে বিশেষ এক বুলেটপ্রুফ কাচের বক্সের ভেতর।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি সুরক্ষা হিসেবে এই স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

প্রতি সপ্তাহের মতো গত রোববারও প্রবীণ এই অভিনেতাকে একনজর দেখতে ‘জলসা’র সামনে ভিড় করেছিলেন শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অমিতাভ বচ্চন যথারীতি বাইরে এলেও এবার তার উপস্থিতির ধরন ছিল ভিন্ন। খোলা জায়গায় না দাঁড়িয়ে তিনি বাসভবনের সামনে বসানো বুলেটপ্রুফ কাচের ঘরের ভেতরে ঢোকেন এবং সেখান থেকেই হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় নিরাপত্তার বাড়তি সতর্কতার অংশ হিসেবে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছেলে ও অভিনেতা অভিষেক বচ্চনকে। বাবার সুরক্ষায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য পুরোটা সময় ভিড়ের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন অভিষেক। একই সময় ‘জলসা’ প্রাঙ্গণে সশস্ত্র পুলিশ সদস্য ও বিশেষ নিরাপত্তাকর্মীদের কড়া পাহারায় থাকতে দেখা যায়।

দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, অমিতাভের বাসভবনে এই বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরির মূলে রয়েছে সাম্প্রতিক একটি বোমা হামলার হুমকি। মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স এলাকার একটি বেসরকারি স্কুলে পাঠানো এক ইমেইলে সরাসরি অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরপরই মুম্বাই পুলিশ হুমকির উৎস খুঁজতে তদন্ত শুরু করে। তদন্তের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে অভিনেতার বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানোর পরামর্শ দেয় পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে বাসভবনের সামনে এই বুলেটপ্রুফ কাচের বক্স বসানো হয়।

নিরাপত্তা শঙ্কার পাশাপাশি সম্প্রতি ৮৪ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছিল। কয়েক দিন আগেই নিজের ব্লগ ও টাম্বলার অ্যাকাউন্টে অমিতাভ জানান, চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ লেখেন, ‘শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা কিছুদিন বিশ্রাম ও স্বাভাবিক কাজকর্ম থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।’

তবে চিকিৎসকদের সেই পরামর্শ ও নিরাপত্তা শঙ্কার মধ্যেও ভক্তদের সঙ্গে রোববারে দেখা করার দীর্ঘদিনের রীতি বজায় রাখলেন তিনি।

হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি মুম্বাইয়ের বিনোদন জগতের একাধিক তারকাকে ঘিরে গ্যাংস্টার চক্রের হুমকি ও সশস্ত্র হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অমিতাভ বচ্চনের মতো শীর্ষ তারকাকে হুমকির পর ‘জলসা’ ও এর আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে মুম্বাই পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ