ক্রমবর্ধমান সরকারি ঋণ, সুদ পরিশোধের বাড়তি চাপ এবং উন্নয়ন ব্যয়ের অর্থসংস্থান—এই তিন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল খুঁজতে আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিকল্প অর্থায়নের উৎস তৈরির বিষয়ে আলোচনা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।
রবিবার ও সোমবার (১৫-১৬ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, সরকারি ঋণ ব্যবস্থাপনা সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা।
এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।
এ ধরনের অফিস গঠন করা হলে সরকারি ঋণের তথ্য সংরক্ষণ, ঋণ গ্রহণের পরিকল্পনা, সুদ ও আসল পরিশোধের সময়সূচি নির্ধারণ এবং ঋণসংক্রান্ত ঝুঁকি মূল্যায়নে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সম্মেলনে আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়েও আলোচনা হবে।
বিশেষজ্ঞদের আলোচনায় বিকল্প অর্থায়নের উৎস তৈরি, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সরকারি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের সংস্থান একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে ঋণ গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঋণের ব্যয় ও ঝুঁকি বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস বহুমুখীকরণ জরুরি হয়ে পড়েছে।
দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ থেকে বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য কার্যকর কৌশল নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মেলনের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থায়নের নতুন পথ তৈরিতে সহায়ক দিকনির্দেশনা পাওয়া যাবে।