1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

'ম্যাক্সিং' (Maxxing)—কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া—ধারণাটি নতুন নয়। জনপ্রিয় ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেম ডানজনস অ্যান্ড ড্রাগনসের খেলোয়াড়রা বছরের পর বছর ধরে তাদের চরিত্রের সক্ষমতা বাড়াতে 'মিন-ম্যাক্সিং'কৌশল ব্যবহার করে আসছেন। ১৯৯০-এর দশকে মার্কিন তারকা উইল স্মিথের গানেও 'ম্যাক্সিন অ্যান্ড রিল্যাক্সিন' কথাটি শোনা গিয়েছিল। ১৯৪০-এর দশকে গেম থিওরিতেও এই শব্দের ব্যবহার ছিল।

তবে গত কয়েক বছরে আমাদের জীবনের প্রতিটি দিককে নিখুঁত ও সর্বোত্তম করার প্রবণতা বাড়ার সাথে সাথে শব্দের শেষে ব্যবহৃত এই প্রত্যয়টি (suffix) অনিবার্য হয়ে উঠেছে। চারপাশের মানুষকে মুগ্ধ করতে আমরা 'পারসোনালিটিম্যাক্সিং' করছি, সেরা বিশ্রামের জন্য করছি 'স্লিপম্যাক্সিং'। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও 'লিথালিটিম্যাক্সিং' নিয়ে গর্ব করছে।

ব্যবহারের এই ব্যাপক বিস্তারের কারণেই ডিকশনারি ডটকম একে ২০২৬ সালের 'বর্ষসেরা শব্দ' হিসেবে ঘোষণা করেছে।

প্রতি বছরের সেরা শব্দ নির্বাচনের জন্য ডিকশনারি ডটকমের কর্মীরা ইন্টারনেটে খোঁজার প্রবণতা (সার্চ ট্রেন্ড), সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করেন। ডিকশনারি মিডিয়া গ্রুপের অভিধান সংকলন বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, 'এরপর আমরা নিজেদের প্রশ্ন করি, কোন শব্দটি এই বছরের সবচেয়ে চমকপ্রদ গল্প বলছে। এ বছর "ম্যাক্সিং" আলাদাভাবে নজর কেড়েছে, কারণ এটি জীবনের বহুবিধ ক্ষেত্রের সাথে জড়িয়ে গেছে। মানুষ সকালের নাশতায় প্রোটিনম্যাক্সিং করছে, কর্মক্ষেত্রে এআই ব্যবহারের সময় টোকেনম্যাক্সিং করছে, শুক্রবারের ছুটির রাতে কোজিম্যাক্সিং করছে।'

কয়েক দশক ধরে নানা রূপে 'ম্যাক্সিং' শব্দটির অস্তিত্ব থাকলেও সম্প্রতি এর ব্যবহার হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে 'লুকসম্যাক্সিং' প্রবণতা। অন্য সব ভাবনাকে পেছনে ফেলে নিজের বাহ্যিক সৌন্দর্যকে সবার ওপরে স্থান দেওয়া এবং তা বাড়াতে চরম পর্যায়ে যাওয়াকেই লুকসম্যাক্সিং বলা হয়।

ভাষাবিদ অ্যাডাম অ্যালেকসিকের মতে, বর্তমান সময়ের বিপুলসংখ্যক স্ল্যাং তৈরি হয়েছে অনলাইন মেসেজ বোর্ড 'ফোরচ্যান' থেকে। আর ফোরচ্যান ব্যবহারকারী অনলাইন 'ইনসেল' কমিউনিটিগুলোর মধ্যেই লুকসম্যাক্সিং ধারণার জন্ম।

তবে এই প্রত্যয়টি এখন ফোরচ্যানের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসেছে। নতুন শব্দের গতিপ্রকৃতি নিয়ে কাজ করে 'অ্যামং দ্য নিউ ওয়ার্ডস' জার্নাল। এর সহযোগী সম্পাদক ও ভাষাবিদ কেলি রাইট ও তার সহকর্মীরা ১৯৯০ সাল থেকে এ শব্দের ব্যবহারের নানা উদাহরণ নথিভুক্ত করেছেন। ১৯৯০ সালে ডানজনস অ্যান্ড ড্রাগনস গেমের প্রেক্ষাপটে এর ব্যবহার শুরু হয়েছিল। এরপর ২০১০-এর দশকে তা ফোরচ্যানে লুকসম্যাক্সিং-সংক্রান্ত পোস্টে জায়গা করে নেয়। সবশেষে ২০২৫ সালে এসে ইউটিউবে 'ভাইবম্যাক্সিং' নিয়ে আলোচনায় এবং অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাকের পোস্টে 'ভোকাবুলারিম্যাক্সিং' হিসেবে এটি ব্যবহৃত হয়েছে।

এই শব্দকে বিশেষভাবে সৃজনশীল মনে করেন রাইট। তার মতে, এটি 'যেকোনো কিছুর ক্ষেত্রেই প্রয়োগ করা যায়'। ডিকশনারি ডটকমের পরিসংখ্যানেও এর প্রমাণ মেলে: ২০২৫ সালের মাসিক গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্ট নাগাদ ডিজিটাল মিডিয়ায় শব্দটির ব্যবহার ১৯ গুণ বেড়ে গেছে।

বর্তমান সময়ে শব্দটি ইনসেল সংস্কৃতির চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম-তাড়িত হয়ে আমাদের সবকিছু নিখুঁত করার অদম্য তাড়নাকেই বেশি ফুটিয়ে তোলে। আরসিএসআই ইউনিভার্সিটি অভ মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেসের গবেষক জেনিফার ডনেলি লিখেছেন, 'জীবনের কোনো একটি দিকেরও যদি উন্নতি করার সুযোগ থাকে, তবে সেটিকে সম্ভবত "ম্যাক্স" করা সম্ভব।'

মূলত নিজেকে সেরা করার এই মোহ আমাদের ব্যবহৃত শব্দের শুরুতে ও শেষে—উভয় দিকেই স্পষ্ট হয়ে উঠছে। জনসন জানান, সম্প্রতি অভিধানে যুক্ত হওয়া শব্দগুলোর মধ্যে এমন কিছু উপসর্গ (prefixes) আছে যেগুলোর অর্থ 'অনেক বেশি'—যেমন 'হাইপার', 'আলট্রা' ও 'সুপার'।

ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক দারিয়া বাহটিনা এক ইমেইলে লিখেছেন, এই 'ম্যাক্সিং' প্রত্যয়ের সুবিধা হলো একে 'অসীমভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়, অথচ দেখামাত্রই চেনা যায়'। এছাড়া 'প্রায় যেকোনো শব্দের সাথেই এই কাঠামো জুড়ে দেওয়া যায়'। আমি বেশি প্রোটিন খাচ্ছি—এ কথা বলার চেয়ে আমি 'প্রোটিনম্যাক্সিং' করছি বলাটা শুনতে অনেক বেশি স্মার্ট ও আকর্ষণীয় মনে হয়।

শব্দটির এই জনপ্রিয়তার পেছনে এর ধ্বনিগত বৈশিষ্ট্যেরও কিছুটা ভূমিকা থাকতে পারে। রাইট বলেন, 'একটি শব্দের ধ্বনি-কাঠামো আমাদের অনেক কিছু বলে দেয়, আর এখন "ম্যাক্সিমালিজম" বেশ জনপ্রিয় হয়ে উঠছে।' ফলে একই ধরনের ধ্বনি 'ম্যাক্স' হয়তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার জন্য আগে থেকেই কিছুটা প্রস্তুত ছিল।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ