1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

আইএমএফের শর্ত সমন্বয় ফেব্রুয়ারির মধ্যে, বললেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে আগের সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে সম্মত হওয়া বিভিন্ন শর্ত বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ নিয়ে আইএমএফের সঙ্গে দুটি ওয়ার্কিং গ্রুপ আলোচনা করছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয় প্রক্রিয়া শেষ করে ঋণ কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করছে সরকার। আজ রবিবার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। একইভাবে আইএমএফের সঙ্গেও আলোচনা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব সমন্বয় শেষ হলে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে। তিনি বলেছেন, ‘আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেই। বরং যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।’ অর্থমন্ত্রী জানিয়েছেন, আগের সরকারের সময়ে আইএমএফের সঙ্গে যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে এসব শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও। আরও পড়ুন জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা ১১ নভেম্বর ২০২৬ সরকারের অবস্থান ব্যাখ্যা করে আমির খসরু মাহমুদ চৌধুরী অবগত করেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করা নয়। বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি বাস্তবায়ন করাই লক্ষ্য। তার ভাষ্য, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের কর্মসূচি দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি। তিনি বলেছেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায়, দুর্বল রাজস্ব আহরণ ও সীমিত আর্থিক সক্ষমতা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সরকার যে ঋণ নেবে, তা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর অবদান রাখে, তা নিশ্চিত করতে হবে। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে।’ তিনি বলেছেন, সরকারের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়; বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো। এ জন্য প্রচলিত অর্থায়নের পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়ও সরকার বিবেচনা করছে। অর্থমন্ত্রী বলেন, একটি দেশের সার্বভৌম ঋণ গ্রহণের সাফল্য শুধু কত অর্থ ঋণ নেওয়া হয়েছে, তার ওপর নির্ভর করে না। ওই ঋণের অর্থ কতটা কার্যকরভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছে সেটিই প্রকৃত মাপকাঠি। অর্থ বিভাগের ও এডিবির যৌথ আয়োজনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ-২০২৬’। ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে টেকসই ঋণ গ্রহণের কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। সম্মেলনে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা এবং এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ