বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্র নিহত হওয়ার পর বিক্ষোভ-ভাঙচুরের ঘটনায় আটক এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ব্যাখ্যা দিতে আশুলিয়ার ওসিকে তলব করেছেন হাই কোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশে ওসি মহসিনুল কাদিরকে আগামী ৩১ মে হাইকোর্টে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে তাবলীগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারে যাত্রীবাহী বাসচাপায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ও আলবেরুনী হলের আবাসিক শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজী ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত।
বাসের ধাক্কায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের অবরোধের ওপর পুলিশের টিয়ারশেল, লাটিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের (ভিসি) বাংলোতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ ওই রাতে উপাচার্যের বাসভবনের সামনে থেকে ১০ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে আটক করে। ওই রাতে এক জরুরি সিন্ডিকেট সভা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে রোববার উপাচার্যের বাসা ঘেরাও ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ জামিন মঞ্জুর করেন।