র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছেন, র্যাবের কোন সদস্য অপরাধে জড়িয়ে পড়লে র্যাব তার দায়মুক্তি চায় না। অতীতে কোন র্যাব সদস্যের দায়মুক্তি চাওয়া হয়নি, সরকারের পক্ষ থেকে কাউকে দায়মুক্তি দেওয়া হয়নি।
রবিবার বেলা ২টার দিকে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক। এসময় নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন সংস্থাটির মহাপরিচালক মোখলেসুর রহমান।
নারায়ণগঞ্জের আলোচিত সাত অপহরণ ও খুনের ঘটনা বিষয়ে র্যাব সদর দপ্তর আগে থেকে কিছু জানতো না দাবি করে মোখলেসুর রহমান বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা সম্পর্কে আগে থেকে র্যাব সদর দপ্তর অবহিত ছিল না। ঘটনা জানার পর বরং র্যাব নিজেরাই তদন্ত শুরু করে এবং জড়িতদের সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ডুবিয়ে দেয়া হয়। ঘটনার সঙ্গে নারায়ণগঞ্জ র্যাবের শীর্ষ কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠে।