অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ নেই।
বুধবার মাওলানা সাঈদীর রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের বিচারকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে। এই রায় নিয়ে তাকে বাকি জীবন জেলে কাটাতে হবে।
মামলা পরিচালনায় প্রসিকিউশনের কোনো দুর্বলতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা পরিচালনায় কোনো দুর্বলতা ছিল না। তবে তদন্ত কর্মকর্তারা অভিযোগগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা তা জানার জন্য পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়ার রায়ে প্রত্যাশা পূরণ হয়নি। আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড বহাল থাকুক, এটাই ছিল আমার প্রত্যাশা। সেটা থাকেনি। এ জন্য আমার খুব খারাপ লাগছে।
প্রসঙ্গত, বুধবার সকালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের সাজা কমিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।