1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে গোপনে চিকিৎসাধীন ‘ককটেল কারিগর’ আটক ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৫১ রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ দেশের যেসব এলাকায় আজ ও আগামীকাল দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন ১৮ শতাংশ শুল্কের কারণে দেশটিতে পোশাকের দাম বাড়তে পারে। এতে মার্কিন ভোক্তারা পোশাক কেনায় ব্যয় কমালে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর পণ্যেও নতুন শুল্ক আরোপের প্রস্তাব থাকায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশের রপ্তানিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ কমে গেলে পণ্য সরবরাহ ও রপ্তানিকারকদের মুনাফায় চাপ তৈরি হতে পারে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সীমিত করার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে বাংলাদেশের পণ্যে মোট শুল্কের হার বর্তমান ২৫ দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশ হবে। বর্তমানে বাংলাদেশের পণ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক ও ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্ক রয়েছে। প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে ১০ শতাংশ শুল্কটি বেড়ে ১৮ শতাংশ হবে।

বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে পোশাক আমদানি কমেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৫ সালে দেশটির পোশাক আমদানি ২০২৪ সালের ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ।

কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছিল যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর ৯৫ শতাংশের বেশি বস্ত্র ও তৈরি পোশাক।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমার আশঙ্কা রয়েছে। কারণ, এতে পণ্যের দামও বাড়বে।

বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি করে হা-মীম। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পণ্যই যায় যুক্তরাষ্ট্রে।

‘তবে শুল্ক এখনো কার্যকর হয়নি এবং আগামী জানুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এরপর কী হবে, তা এখনই বলা কঠিন,’ বলেন এ কে আজাদ।

বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভারত ও ভিয়েতনামসহ আরও ১৩ দেশের ওপর এই নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এলিট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সেরাজ মনে করেন, নতুন শুল্ক আরোপের প্রস্তাবের কারণে বাংলাদেশসহ প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোর ওপর প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি হবে।

‘তাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত না-ও হতে পারে,’ বলেন তিনি।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় সব চালানই ফ্রেইট অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পাঠানো হয়। তাই রপ্তানিকারকদের তাৎক্ষণিক ক্ষতি খুব বেশি হওয়ার কথা নয়।

‘তবে মার্কিন ক্রেতারা আমদানি কমালে বাংলাদেশেও এর প্রভাব পড়বে,’ বলেন মাহমুদ হাসান খান।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, অন্য দেশগুলোর ওপরও একই ধরনের প্রভাব পড়বে। তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে বস্ত্র ও পোশাক আমদানি কমলে দেশটির ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কেনাও কমিয়ে দিতে পারেন।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক এম এ ফজলুল হক বলেন, ‘প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকলেও যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমে গেলে পরিস্থিতির প্রভাব এড়ানো যাবে না।’

শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, শুল্কের ব্যবধান বাংলাদেশের জন্য প্রতিযোগিতায় কিছুটা সুবিধা তৈরি করতে পারে, তবে তাতে স্বয়ংক্রিয়ভাবে ক্রয়াদেশ বাংলাদেশে চলে আসবে না।

তিনি বলেন, ‘জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা না বাড়ালে এ সুবিধা কাজে লাগানো কঠিন হবে। অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে সিনথেটিক পোশাক, আউটারওয়্যার ও অ্যাকটিভওয়্যারের মতো উচ্চমূল্যের পণ্যের বাজারে বাংলাদেশ ইতোমধ্যে সুযোগ হারিয়েছে।’

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, চূড়ান্ত শুল্কের হার নিয়ে অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে।

‘মার্কিন আমদানিকারকরা বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দিলে চাহিদা কমতে পারে। আবার তারা বাংলাদেশি সরবরাহকারীদের কাছ থেকে মূল্যছাড়ও চাইতে পারেন। দুই ক্ষেত্রেই রপ্তানিকারকদের মুনাফার ওপর চাপ পড়বে। উচ্চ জ্বালানি, শ্রম ও পরিচালন ব্যয়ে আগে থেকেই চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি উৎপাদকরা এতে আরও বেশি ঝুঁকিতে পড়বেন,’ বলেন তিনি।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমদানি পণ্যের দাম বাড়লে মার্কিন ভোক্তারা কতটা ব্যয় কমান, তার ওপর বাংলাদেশের ওপর শুল্কের প্রভাব নির্ভর করবে।

চীনা পণ্যের ওপর বেশি শুল্ক থাকায় দেশটির সরবরাহকারীরা কম দামে অন্য বাজারে পণ্য পাঠাচ্ছেন। ‘এতে ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ছে ও ক্রেতা ধরে রাখতে বাংলাদেশি রপ্তানিকারকদেরও আরও মূল্যছাড় দিতে হতে পারে,’ বলেন তিনি।

কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের জন্য চীনের ওপর নির্ভরতা বাংলাদেশকে ঝুঁকিতে ফেলতে পারে। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এ পরিস্থিতিতে উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রণোদনা, রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করার মাধ্যমে সরকারের রপ্তানি কৌশল পুনর্বিবেচনা করা প্রয়োজন। একইসঙ্গে কম মূল্যের পণ্য উৎপাদনে নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া যেতে পারে।

যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (এসইউএনওয়াই) কর্টল্যান্ডের অধ্যাপক বিরুপাক্ষ পাল বলেন, ‘বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল বাণিজ্য অংশীদারের ওপর অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক একধরনের চাপ সৃষ্টির কৌশল।’

অন্তর্বর্তী সরকারের সময়ে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থের অনুকূলে ছিল না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, পরবর্তী সময়ে বিএনপি সরকারও চুক্তির শর্ত ও দীর্ঘমেয়াদি প্রভাব যথাযথভাবে পর্যালোচনা না করেই তা গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘মূল চুক্তিটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে। নতুন শুল্ক বাংলাদেশের সীমিত বাণিজ্যিক সুবিধা আরও কমিয়ে রপ্তানিকারকদের ওপর চাপ বাড়াবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ