1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ঝুঁকিতে ৯০০ কোটি ডলারের রপ্তানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন করে শুল্কের চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকের ক্ষেত্রে মোট শুল্কের বোঝা দাঁড়াতে পারে ৩৩.৬ শতাংশে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের দাম বেড়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। বিশেষ করে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ, বিনিয়োগ ও কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৯০৪ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে ৪.১ শতাংশ। এর মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে ৭৭৪ কোটি ৪৬ লাখ ডলার, যা মোট রপ্তানির ৮৫.৬ শতাংশ। অর্থাৎ একক একটি বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ নির্ভর করছে পোশাকশিল্পের ওপর। ফলে নতুন শুল্কের প্রভাব শুধু একটি শিল্পে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং কর্মসংস্থানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ আমার দেশকে বলেন, এটি অপ্রত্যাশিত একটি বিষয়। এখন নতুন করে যে ১৮ শতাংশ শুল্কের কথা বলা হচ্ছে, সেটি কার্যকর হলে আমাদের রপ্তানি বাণিজ্যে কয়েকটি ঝুঁকি তৈরি হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্কের প্রভাব সামলাতে চীন, ভারত, ভিয়েতনাম, ইউরোপসহ অন্য বাজারে ব্যবসা সম্প্রসারণে আরো আগ্রাসী হতে পারে। এতে নতুন করে প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ। কারণ এসব দেশের নিজস্ব কাঁচামালের উৎস, মূল্য সংযোজন ও উৎপাদন সক্ষমতা বেশি। পাশাপাশি তাদের লজিস্টিকস ব্যবস্থাও তুলনামূলক দক্ষ। ফলে বিকল্প বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে বাংলাদেশের অন্যান্য রপ্তানি বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

গত ২৫ নভেম্বর ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে ইউএসটিআর। বাংলাদেশের শিল্পনীতি, সরকারি প্রণোদনা, শ্রমিক সুরক্ষা, আর্থিক খাতের নীতি এবং চীনসহ অবাজার অর্থনীতির দেশ থেকে আমদানি নিয়ে আপত্তি তুলেছে সংস্থাটি। এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের।

তবে প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্কের হিসাব নিয়ে বিভ্রান্তি রয়েছে। ইউএসটিআরের নথিতে ‘নেট অব এক্সিস্টিং সেকশন ৩০১ ট্যারিফস’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগে থেকে কার্যকর থাকা সেকশন ৩০১-এর শুল্ক বাদ দিয়ে নতুন হার নির্ধারণ করা হবে। বাংলাদেশি নির্দিষ্ট পণ্যের ওপর আগে থেকেই কার্যকর ১০ শতাংশ শুল্ক এ হিসাবের অন্তর্ভুক্ত। ফলে নতুন করে ১৮ শতাংশ যোগ হয়ে মোট ২৮ শতাংশ নয়, প্রস্তাব অনুযায়ী বাড়তি শুল্ক হতে পারে আট শতাংশ।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের গড় শুল্কের হার ১৫.৬ শতাংশ। এর সঙ্গে বিদ্যমান ১০ শতাংশ এবং প্রস্তাবিত বাড়তি ৮ শতাংশ যোগ হলে মোট শুল্কের বোঝা দাঁড়াতে পারে ৩৩.৬ শতাংশে। তবে পণ্যভেদে প্রকৃত হার ভিন্ন হতে পারে।

পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আমার দেশকে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে এখনই বড় ধরনের উদ্বেগের কারণ নেই। সেকশন ৩০১-এর আওতায় চলমান প্রক্রিয়াটি আগামী জানুয়ারির শেষদিকে শেষ হওয়ার কথা। এর মধ্যে সরকার কূটনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করবে।

তিনি বলেন, শুল্ক বাড়লে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, কমবে ভোক্তার ক্রয়ক্ষমতা। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ক্রয়াদেশ হ্রাসের আশঙ্কাই আমাদের প্রধান উদ্বেগ। তবে প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি শুল্ক কার্যকর হলে বাংলাদেশে নতুন অর্ডার আসার সুযোগও তৈরি হতে পারে।

মাহমুদ হাসান বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ, তুলা ও জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানির হিসাব ধরলে দেশটি দ্বিতীয় বৃহত্তম উৎসে পরিণত হয়েছে। আমরা তাদের কাছ থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করছি। এর চেয়ে বেশি কিছু করার নেই।

শুল্ক বাড়লে বাংলাদেশি পণ্যের দাম বাড়বে। আমদানিকারকরা বাড়তি ব্যয় বহন না করলে তা পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত হবে। এতে ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যেতে পারে। ফলে ক্রেতারা বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সিদ্ধান্ত নিতে পারেন। এতে নতুন ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার পাশাপাশি কারখানার উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।

ইউএসটিআরের তদন্তে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭-২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানি ৬৮ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উৎপাদিত পণ্যে চীনের মূল্য সংযোজনের অংশ ২০১৭ সালের ২.৫ শতাংশ থেকে ২০২৪ সালে ১১.২ শতাংশে উন্নীত হয়েছে। এতে ভবিষ্যতে পণ্যের কাঁচামাল ও উৎপাদনের উৎস নিয়ে মার্কিন নজরদারি বাড়তে পারে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হাতেম আমার দেশকে বলেন, যেহেতু শুল্ক বৃদ্ধির দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে, তাই আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনীয় কৌশল নেওয়ার মাধ্যমে সম্ভাব্য পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এ পরিস্থিতি সামাল দিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রধান কয়েকটি প্রতিযোগী দেশও একই তদন্তের আওতায় এসেছে। তবে দেশভেদে প্রস্তাবিত শুল্কের সীমা ও বিদ্যমান বাণিজ্য সমঝোতার কারণে প্রকৃত শুল্কের বোঝায় পার্থক্য থাকবে।

এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য একটি সুযোগও তৈরি হতে পারে। প্রতিযোগী দেশগুলোর ওপর বেশি শুল্ক কার্যকর হলে কিছু ক্রয়াদেশ বাংলাদেশের দিকে আসতে পারে। তবে এ সুবিধা পেতে হলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, সময়মতো পণ্য সরবরাহ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা এগিয়ে নেওয়া জরুরি।

ইউএসটিআরের ২৫ নভেম্বরের ঘোষণা শুল্ক কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নয়; এটি তদন্তের ভিত্তিতে দেওয়া প্রস্তাব। সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত মতামত জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৫ জানুয়ারি। একই মাসের ২৫ তারিখ থেকে প্রকাশ্য শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এসব মতামত ও শুনানি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সংস্থাটি। ফলে প্রস্তাবিত হার পরিবর্তন, পণ্যভেদে ছাড় কিংবা বাস্তবায়নের সময়সূচিতে সংশোধনের সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ