ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অন্যদিকে, সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, বুধবার দিবাগত রাত থেকে বেনাপোল সীমান্ত-সংলগ্ন বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার আমির রেজাউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পলাতক হাসিনা ও আওয়ামী লীগের নেতারা যাতে রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
বিনা প্রয়োজনে রাতে সীমান্ত এলাকায় চলাচল না করতে স্থানীয় বাসিন্দাদেরও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন।
নুরুজ্জামান লিটন ডেইলি স্টারকে বলেন, ভারতে পালিয়ে যাওয়া হাসিনা ও তার পলাতক দলের নেতাকর্মীরা যেন ১৬ ডিসেম্বর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য আমরা সারারাত সীমান্ত পাহারা দিচ্ছি। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।
জানতে চাইলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান ডেইলি স্টারকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়াচ্ছেন। তিনি ও তার দলের নেতাকর্মীরা যেন অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সীমান্ত এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে স্থানীয় বাসিন্দাদের বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।