1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক সই নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার চা বাগানের নির্বাচন: শ্রমিকদের অধিকার নিয়ে ভাবতে হবে নতুন করে TBS ৮টার সংবাদ, ২৫ নভেম্বর ২০২৬ বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন কে? নগদ অর্থসহ আর কী কী সুবিধা পাবেন শকুনের বিলুপ্তি রোধে সুন্দরবনে ১০ দেশের প্রতিনিধিদের সম্মেলন শুরু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি: শান্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালু সক্রিয়ভাবে বিবেচনা করবে সরকার: বিমানমন্ত্রী

চা বাগানের নির্বাচন: শ্রমিকদের অধিকার নিয়ে ভাবতে হবে নতুন করে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। শ্রমিকরা তাদের একমাত্র ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (বিসিএসইউ) নির্বাচনের জন্য গোপন ব্যালটে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। আগামী ২৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ঔপনিবেশিক ইতিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ চা শিল্পের শ্রমিকদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পান। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতারা তাদের কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবেন।

২০০৮ সালের আগে পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে বিসিএসইউর নির্বাচন হয়নি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে শ্রমিকরা তিনবার গোপন ব্যালটে ভোট দিয়েছেন। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছরে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর আর নির্বাচন হয়নি। ২০২৩ সালেও নির্বাচন আয়োজনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে আট বছর পর এবার নির্বাচন হতে যাচ্ছে। এতে শ্রমিকদের যেমন প্রত্যাশা বেড়েছে, পাশাপাশি ইউনিয়নের গণতান্ত্রিক চর্চা নিয়েও প্রশ্ন উঠেছে।

এত বড় ট্রেড ইউনিয়নের নির্বাচন আয়োজন করাটা খুব সহজ কাজ নয়। শ্রমিকরা ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি কমিটি এবং চা-বাগানের প্রায় ২৩০টি পঞ্চায়েত কমিটির সদস্য নির্বাচন করবেন। ২০০৮ সাল থেকে সরকারই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএসইউ) নির্বাচন পরিচালনা ও অর্থায়ন করে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

২০২৩ সালে যেবার নির্বাচন আয়োজনের চেষ্টা ব্যর্থ হয়, শ্রম অধিদপ্তরের প্রস্তাবিত ৭০ লাখ টাকা বাজেটের মধ্যে বিসিএসইউ দেয় ২০ লাখ টাকা। এবার ২৮ নভেম্বরের নির্বাচনের জন্য সরকার বাকি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। প্রার্থীরা বাগানে বাগানে প্রচারণা চালাচ্ছেন, শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। শ্রমিকের জন্য নিজেদের মতামত তুলে ধরা এবং ইউনিয়নে নতুন নেতৃত্ব আনার বেশ ভালো সুযোগ এই নির্বাচন।

মনু-দলই ভ্যালি কমিটির সহ-সভাপতি পদপ্রার্থী আশা অরনাল বলেন, ‘নির্বাচন নিয়ে চা শ্রমিকরা খুবই উৎসাহিত। বাগানগুলো উৎসবের আমেজে আছে। এবারই প্রথম আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। শ্রমিকরা এবার নতুন নেতৃত্ব দেখতে চান।’

মিরতিংগা চা-বাগানের শ্রমিক মন্তু বাউরিও একই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘এবার আমরা নতুন নেতৃত্ব চাই। আমাদের খুব সতর্কভাবে নেতা নির্বাচন করতে হবে।’

শ্রমিকরা চান, মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে মজুরি নির্ধারণের দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা পুনরায় চালু হোক। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব যেন মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে আরও দক্ষতার সঙ্গে আলোচনা করে।

বর্তমান নির্বাচন আয়োজন ব্যবস্থা নিয়ে কিছু আপত্তি থাকলেও বিসিএসইউর সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরির এটিও স্বীকার করেন যে, সরকারি সহায়তায় অন্তত শ্রমিকদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০০৮ সালের আগে শ্রমিকদের গোপন ব্যালটে নেতা নির্বাচনের কোনো সুযোগই ছিল না।

শ্রমিকদের এই উৎসাহ অবশ্যই যৌক্তিক। তবে নির্বাচনের এই আয়োজন ব্যবস্থা এবং ইউনিয়নের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন যেন নির্বাচনের উৎসবমুখর পরিবেশের আড়ালে ঢাকা না পড়ে যায়।

বিসিএসইউ নির্বাচনের আয়োজন, নির্বাচন কমিশন গঠন ও অর্থায়নে সরকারের দীর্ঘদিনের সম্পৃক্ততা অস্বাভাবিক। ইউনিয়নের আকার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল বিবেচনায় নিলে সরকারি সম্পৃক্ততার কারণ বোঝা যায়। এই সহায়তা না থাকলে শ্রমিকরা হয়তো আবারও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতেন।

তবে নির্বাচন আয়োজনে সহায়তা করা আর ট্রেড ইউনিয়নকে নিয়ন্ত্রণ করা এক বিষয় নয়। নির্বাচন আয়োজন ও অর্থায়নের জন্য সরকারের ওপর নির্ভরশীলতা ইউনিয়নের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে, যা মালিকপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সরকারের দায়িত্ব শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।

বর্তমান নির্বাচন কমিশনের গঠন নিয়েও প্রশ্ন উঠেছে। বিসিএসইউর গঠনতন্ত্রের ৯(জ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশন হওয়ার কথা নয় সদস্যের—তিনজন সরকারি কর্মকর্তা এবং ছয়জন শ্রমিক প্রতিনিধি। কিন্তু বর্তমান ১১ সদস্যের কমিশনে কোনো শ্রমিক প্রতিনিধি নেই; সবাই সরকারি কর্মকর্তা।

বিসিএসইউর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচনে একই পদপ্রার্থী নৃপেন পাল একমত যে, এবার নির্বাচন কমিশন গঠনে ইউনিয়নের গঠনতন্ত্র অনুসরণ করা হয়নি। তিনি মনে করেন, আদালতের রায়ের ভিত্তিতে কমিশন গঠন করা হয়ে থাকতে পারে।

তবে হাইকোর্টের গত ১ সেপ্টেম্বরের আদেশে (রিট পিটিশন নম্বর ৭১৫/২০২৪) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে প্রচলিত আইনানুযায়ী নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে। আদেশে ইউনিয়নের গঠনতন্ত্রের বিধান বাতিল করা হয়নি কিংবা কমিশন গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্রের নিয়ম থেকেও সরে আসার স্পষ্ট কোনো অনুমতি দেওয়া হয়নি।

প্রশ্ন হলো, সরকার কি একটি ট্রেড ইউনিয়নের নিবন্ধিত গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন আয়োজন করতে পারে? বিসিএসইউ যদি নিজেদের নেতা নির্বাচনের ক্ষেত্রেই নিজস্ব গঠনতন্ত্র মানার দাবি তুলতে না পারে, তাহলে মালিকপক্ষকে আইন মানার দাবি জানানোর ক্ষেত্রে এই ইউনিয়নের গ্রহণযোগ্যতা কতটা থাকবে?

আরেকটি বিষয় বিবেচনা করা জরুরি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৩১৭(৪)(ঘ) ধারা, যা আগে শ্রম অধিদপ্তরের পরিচালককে ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটির নির্বাচন তদারকি এবং গোপন ব্যালটে ভোট আয়োজনের ক্ষমতা দিয়েছিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর মাধ্যমে তা বাতিল করা হয়েছে। ফলে নির্বাচন আয়োজন ও তদারকিতে সরকারের সম্পৃক্ততার আইনগত ভিত্তি এবং সীমা স্পষ্ট করা আরও জরুরি হয়ে পড়েছে।

বিসিএসইউর সদস্য হওয়ার প্রক্রিয়াতে গণতান্ত্রিক চর্চার ঘাটতি আছে। শ্রম আইনের ১৭৯(১)(গ) ধারা অনুযায়ী, অন্য কোনো ট্রেড ইউনিয়নের সদস্য নন—এমন ঘোষণা দিয়ে নির্ধারিত ফর্মে সদস্যপদের আবেদন করতে হয়। বিসিএসইউর নিজস্ব গঠনতন্ত্রেও সদস্য হওয়ার এমন পদ্ধতি এবং সদস্য ফর্মের তথ্য সংরক্ষণের বিধান রয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে, শ্রমিকের চাকরি স্থায়ী হলে অথবা শ্রমিক প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) সুবিধা পাওয়ার যোগ্য হলে তাকে স্বয়ংক্রিয়ভাবে ইউনিয়নের সদস্য করা হয়। বাগান ব্যবস্থাপনার মাধ্যমে তার মজুরি থেকে মাসে ১৫ টাকা ইউনিয়ন চাঁদা কেটে নেওয়া হয়। বেশিরভাগ সময়ে শ্রমিকের জ্ঞাতসারে বা সম্মতি ছাড়াই এসব করা হয়।

বিসিএসইউর সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা বলেন, শ্রমিকরা কোনো সদস্যপদ ফর্ম পূরণ করেন না এবং ইউনিয়ন কার্যালয়েও এমন ফর্ম সংরক্ষিত থাকে না।

সুনছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক সন্দীপ রাউতিয়া জানান, তিনি কখনো সদস্য হওয়ার জন্য ইউনিয়নে আবেদন করেননি। প্রভিডেন্ট ফান্ডে নিবন্ধনের সময় তিনি জানতে পারেন, তাকে ইউনিয়নের সদস্য করা হয়ে গেছে এবং তখন থেকেই তার মজুরি থেকে ইউনিয়নের চাঁদা কাটা হচ্ছে।

এটি শুধু প্রশাসনিক অনিয়মের বিষয় নয়। স্বেচ্ছায় সদস্য হওয়া ট্রেড ইউনিয়নের একটি মৌলিক শর্ত। শ্রমিকরা স্বেচ্ছায় ইউনিয়নের সদস্য হয়েছেন—এটি নিশ্চিত না করে কোনো ইউনিয়ন তাদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের দাবি করতে পারে না।

ইউনিয়নের চাঁদা দেওয়া নিয়েও শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। রামভজন কৈরির হিসাব অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ শ্রমিক মাসিক চাঁদা দেন না। সুনছড়া চা বাগানের শ্রমিকরা তিন বছর যাবত চাঁদা দেওয়া বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

দলই চা বাগানে কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি থেকে চাঁদা কেটে নিলেও তা ইউনিয়নে জমা দেয়নি বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা ইউনিয়নের প্রতি অনাস্থার দিকেই ইঙ্গিত করে। শ্রমিকরা যখন প্রশ্ন করেন, যে ইউনিয়ন তাদের অধিকার রক্ষা করতে পারে না, তাকে কেন অর্থ দিতে হবে—তখন তাদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

চা শিল্পজুড়ে শ্রমিকদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিসিএসইউর একচ্ছত্র আধিপত্যও একটি কাঠামোগত সমস্যা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, সব চা বাগান একত্রে একটি প্রতিষ্ঠানপুঞ্জ হিসেবে বিবেচিত। ফলে চা বাগান বা ভ্যালি পর্যায়ে পৃথক ও স্বতন্ত্র ইউনিয়ন গঠনের ক্ষেত্রে রয়েছে আইনি বাধা। বিসিএসইউ সব চা শ্রমিকের প্রতিনিধিত্বকারী একমাত্র ইউনিয়ন।

এতে প্রতিনিধিত্বের ক্ষমতা একটি সংগঠনের হাতে ব্যাপকভাবে কেন্দ্রীভূত হয়ে আছে। ফলে ইউনিয়নের নেতৃত্ব বা কার্যক্রমে অসন্তুষ্ট শ্রমিকদের সামনে বিকল্প নেই। সংগঠন করার অধিকার মানে এই নয় যে যেখানে একটি মাত্র ইউনিয়ন থাকবে, সেখানে সব শ্রমিক বাধ্যতামূলকভাবে সেই ইউনিয়নের প্রতি অনুগত থাকবে।

রামভজন কৈরি উল্লেখ করেন, ভারত বা শ্রীলঙ্কায় সব চা বাগানের জন্য একক ইউনিয়নের কোনো নজির নাই। বাংলাদেশে আইনি বাধা এবং সরকার ও বাগান মালিকদের প্রভাবের কারণে এই শিল্পে একাধিক ইউনিয়ন গড়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মতো কিছু সংগঠন, যারা চা শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেছিল, তারাও বাধার সম্মুখীন হয়েছে।

শ্রম আইনের ১৭৬ ধারায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও তাতে যোগ দেওয়ার অধিকার স্বীকৃত। আইএলও কনভেনশন ৮৭-ও শ্রমিকদের নিজেদের পছন্দের সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়ার স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপ থেকে ট্রেড ইউনিয়নের স্বাধীনতার সুরক্ষা দেয়।

একটি ইউনিয়ন থাকলেই তা গণতন্ত্রবিরোধী, বিষয়টি এমনও নয়। সদস্যপদ স্বেচ্ছামূলক হলে, নেতৃত্বে জবাবদিহিতা থাকলে এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বহাল থাকলে একটি ইউনিয়ন কার্যকরভাবে শ্রমিকদের প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু সদস্যপদ নিয়ে প্রশ্ন, অনিয়মিত নির্বাচন এবং বিকল্প সংগঠন গড়ে তোলার পথে বাধা থাকলে, একটি ইউনিয়নের একচ্ছত্র আধিপত্য শ্রমিক নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হতে পারে।

বাগান মালিকদের প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখা দরকার। ইউনিয়নের নেতৃত্ব, সদস্য নিবন্ধন ও নির্বাচন প্রক্রিয়ায় মালিকদের প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। শ্রমিকদের বেতন থেকে ইউনিয়নের চাঁদা কেটে নেওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের হাতে থাকায় ইউনিয়নের অর্থের ওপরও মালিকদের যথেষ্ট প্রভাব থাকে। রামভজন কৈরি প্রভিডেন্ট ফান্ডের চাঁদা জমা ও টাকা বিতরণে বাগান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, এসব কাজ সরাসরি প্রভিডেন্ট ফান্ড অফিসের মাধ্যমে হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ