হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
আটকরা হলেন- সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন। পরে গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে পুলিশ।
তিনি বলেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের ভাষ্য, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। আটক চারজনের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
সাইফুল ইসলাম আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
২০০২ সাল থেকে টেকনাফ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বদি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা এক তালিকায় বদি এবং তার ভাই-বেয়াই, মামা-ভাগ্নে মিলিয়ে পরিবারের ১০ জনের নাম আসে।
মাদকের কারবারে বার বার নাম আসায় সমালোচনার মধ্যে ২০১৮ সালের নির্বাচনে বদির বদলে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১