“প্রায় ১৮ কোটি মানুষের সম্প্রসারণশীল বাজার আইরিশ পণ্য ও সেবা রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্য,” বলেন মোহাম্মদ নূরে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন ডাবলিনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম।
প্রেসিডেন্টের বাসভবন আরাস অ্যান উখতারাইনে এক অনুষ্ঠানে তার পরিচয়পত্র তুলে দেওয়ার কথা মঙ্গলবার জানিয়েছে ডাবলিনে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, রাষ্ট্রদূত নূরে আলম প্রেসিডেন্ট কনোলি ও আইরিশ জনগণের কাছে বাংলাদেশের জনগণ ও সরকারের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আয়ারল্যান্ডের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।
স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস স্থাপন একটি ঐতিহাসিক মাইলফলক, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান এবং ঢাকায় একটি আবাসিক আইরিশ দূতাবাস স্থাপনের আহ্বান জানান।
নবনিযুক্ত রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণকেন্দ্রিক সম্পর্ককে পারস্পরিক সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।
বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ উৎসাহিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে আয়ারল্যান্ডের জনশক্তির চাহিদা পূরণে সহায়তা করতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামে আয়ারল্যান্ডকে অংশগ্রহণে আহ্বান জানান।
রাষ্ট্রদূত নূরে আলম জোর দিয়ে বলেন, আয়ারল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশের সুলভ শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রণোদনার সুবিধা নিয়ে তৈরি পোশাকের মত শ্রমঘন খাতের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারে।
তিনি বলেন, প্রায় ১৮ কোটি মানুষের সম্প্রসারণশীল ভোক্তা বাজার আইরিশ পণ্য ও সেবা রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পরিচালনার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অভিন্ন অবস্থান রয়েছে।
প্রেসিডেন্ট কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন।
তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে