1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’ ইতিহাস গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর, কমবে বিরোধ-মামলা ঢাকা ক্লাবের সামনে থেকে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিবরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। সরকারের শেয়ার থাকা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ নিয়ম কার্যকর হবে। পাশাপাশি পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী পরিচালক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে হবে।

এসব বিধান রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ বা মনোনয়নের জন্য সম্প্রতি নীতিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সুশাসন, পেশাদারিত্ব ও দক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রতিটি পর্ষদে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইন বিশেষজ্ঞ এবং একজন অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকার রাখতে হবে। চেয়ারম্যান ও পরিচালক পদে নিয়োগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৭৫ বছর। প্রার্থীর কমপক্ষে ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনা অথবা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ দক্ষতা ও কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যাবে।

নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি পরিচালক থাকতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর আবার নিয়োগ বা মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে। তবে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মদক্ষতা বিবেচনা করা হবে। একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। তবে সরকারের বিশেষ নির্দেশনা বা আইনি বিধান থাকলে ব্যতিক্রম হতে পারে।

পর্ষদে যোগ্য নারী পরিচালকের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, ব্যাংকিং, আর্থিক বাজার, পুঁজিবাজার, মুদ্রানীতি, আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, কৃষি, শিল্প, আইন ও তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বা মনোনয়নের বিধানও অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বহিঃহিসাব নিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক কিংবা বেতনভুক্ত কর্মচারী হিসেবে বর্তমানে দায়িত্বে থাকা বা গত পাঁচ বছরের মধ্যে দায়িত্ব পালন করেছেন- এমন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না। স্বার্থের সংঘাত রয়েছে, এমন প্রার্থীকেও নিয়োগ বা মনোনয়নের জন্য চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সভাপতি করে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, অর্থ বিভাগের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অধিশাখা ও শাখার কর্মকর্তারা থাকবেন। কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

বাছাই কমিটি প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, আর্থিক অবস্থা ও নৈতিকতা যাচাই করবে। এ জন্য ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’, গোয়েন্দা প্রতিবেদন ও ঋণসংক্রান্ত সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রেও আগের কর্মদক্ষতা যাচাই করা হবে। কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর এবং পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

নীতিমালায় পরিচালনা পর্ষদের দায়িত্বও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যাংকের নীতি প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করবে পর্ষদ। তবে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে পর্ষদ সদস্যরা হস্তক্ষেপ করতে পারবেন না। পরিচালকদের দক্ষতা বাড়াতে ব্যাংকিং বিধিবিধান, মানিলন্ডারিং প্রতিরোধ, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। তাদের দায়িত্ব-কর্তব্য ও সম্মানীর ক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

নীতিমালাটি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকে প্রযোজ্য হবে। এ ছাড়া সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনও এর আওতায় থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ