সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম (অতিরিক্ত সচিব)।
রংপুরে বিভাগীর কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন সার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি আরো বলেন, মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। প্রকৃত কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় সার পরিবহন ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়া হবে বলেও জানান কৃষি সচিব।
সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। আরও উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও সারের ডিলাররা।
সভার আগে সকালে রংপুর মেট্রোপলিটন এলাকায় তিনটি বিসিআইসি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার কিনতে আসা কৃষকদের কৃষি সচিব বলেন, কৃষকের সুবিধার্থে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকার উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। কৃষি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে কৃষকেরা কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি করতে পারবেন।
এ সময় কৃষি সচিব কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা যেসব সেবা পাবেন তা বিস্তারিত তুলে ধরেন।