বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলাদি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাদের হাতে ইউএনওর বদলির আদেশ বাতিল এবং তাকে উজিরপুরে বহাল রাখার দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সাধারণ মানুষের সেবা করেছেন। এলাকার উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা প্রশংসনীয়। এমন জনবান্ধব কর্মকর্তার বদলির সিদ্ধান্তে স্থানীয় মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা তাকে উজিরপুরে বহাল রাখার দাবি জানান। সাহাদুৎ জামান কমরেড বলেন, একজন সরকারি কর্মকর্তা সাধারণ মানুষের আস্থা অর্জন করলে তার বদলির সিদ্ধান্তে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাকে উজিরপুরে বহাল রাখতে হবে। স্থানীয় বাসিন্দা সুজন বলেন, আলী সুজা সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার মতো একজন কর্মকর্তাকে হঠাৎ বদলি করায় তারা হতাশ। আরও পড়ুন সাভারে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়ক অবরোধ ১৭ নভেম্বর ২০২৬ রিকশাচালক মিলন বলেন, ‘আমরা সাধারণ মানুষ। বড় বড় কথা বুঝি না। ইউএনও স্যার মানুষের জন্য কাজ করেছেন, এটা আমরা দেখেছি। ভালো একজন কর্মকর্তা চলে গেলে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ দিনমজুর সৈকত বলেন, ‘আমরা দিন এনে দিন খাই। সাধারণ মানুষের কথা ভাবেন, এমন কর্মকর্তাকে আমরা উজিরপুরে চাই।’ বক্তারা অভিযোগ করেন, কোনো বিশেষ মহলের স্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করেছে।