যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএফসি আজ এ ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো তাদের অর্থায়ন পাওয়ার সুযোগ পাবে।
ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ডিএফসি। উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি পুঁজি সংগ্রহ এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ করে সংস্থাটি।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ডিএফসির অর্থায়ন পাওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে শ্রমিক অধিকার, সংগঠন করার স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যোগ্যতা অর্জন করতে পারেনি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ দ্য ডেইল স্টারকে বলেন, বিষয়টি খুবই ইতিবাচক। যুক্তরাষ্ট্রের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এর ফলে অবকাঠামো খাতে, বিশেষ করে জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আনার সুযোগ তৈরি হবে। এটি দুই দেশের জন্যই লাভজনক হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখনো কঠিন ও ব্যয়বহুল বলে বিবেচিত হয়। এ কারণে প্রায়ই বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন।
মাসরুর রিয়াজ বলেন, ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ এসব উদ্বেগের কিছুটা সমাধান করতে পারে। এতে বিনিয়োগের ঝুঁকি কমবে এবং আরও বেশি মার্কিন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজতে উৎসাহিত হবেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক ডেইলি স্টারকে বলেন, আমাদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করেন, তারা এখন কম খরচে সেখান থেকে আরও বেশি পণ্য আমদানি করতে পারবেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের পরিমাণ বাড়বে। ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার পথও হবে এটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে সহায়তার মাধ্যমে এসব বিনিয়োগ যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করে এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখে।
এতে বলা হয়, বাংলাদেশের নতুন এই যোগ্যতা বেসরকারি বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে সহায়তা করার জন্য ডিএফসির সামনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে সহায়তা মিলবে। পাশাপাশি, অর্থায়নের সীমাবদ্ধতার কারণে যেসব প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে, সেগুলোও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করে এমন বেসরকারি বিনিয়োগ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারি।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে এ প্রক্রিয়ায় সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারের কথা জানিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই দেশই আরও সমৃদ্ধ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের জন্য বড় সুযোগ তৈরি করেছে।
এতে আরও বলা হয়, মুক্তবাজারনীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ডিএফসি।
ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছর ঋণ, ইকুইটি, ক্রেডিট ও বিমার মাধ্যমে ১৪ কোটি ৩০ লাখ জনকে অর্থায়নের সুযোগ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি প্রায় ১ কোটি ৪ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করেছে।