1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সোনালি ধানে ভরেছে তিস্তার চর, খুশি কৃষকেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

নদীভাঙনে একসময় তিস্তার বুকে বিলীন হয়েছে তার ১০ বিঘারও বেশি আবাদি জমি। এখন সমতলে নিজের কোনো জমি নেই। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে কিংবা নিজের অবশিষ্ট জমিতে চাষ করেন ৬০ বছর বয়সী কৃষক মেছের আলী। এবার প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে এবার তার মুখে হাসি ফুটেছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর মহিপুর এলাকার এই কৃষকের খেতজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আশা করছেন, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।

মেছের আলী বলেন, প্রতিবছর ধান পাকার সময় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকে। কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়ায় চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে কৃষকেরা প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তুলতে পারেন না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছে।

'খেতের দিকে তাকালে মনটা ভরে যায়। চারদিকে শুধু সোনালী ধান। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তিস্তার চরে আমনের ফলন ভালো হয়েছে। আশা করছি, কোনো দুর্যোগ না হলে ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব,' বলেন তিনি।

একই চরের কৃষক আলিমুল ইসলাম (৫৫) জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে আমন ধানের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। নদীর বুকে যত দূর চোখ যায়, বিস্তীর্ণ খেতজুড়ে এখন পাকা ধান। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করবেন কৃষকেরা।

আলিমুল বলেন, 'আমি চার বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে এনেছি। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে বাকি দুই বিঘার ধান কাটব। এবার ফলন ভালো হওয়ায় আমরা খুব খুশি।'

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর বুকে জেগে ওঠা রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। রোববার থেকে তার খেতের ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও প্রত্যাশার চেয়ে ভালো ফলনে বেশ সন্তুষ্ট তিনি।

অনিল চন্দ্র বলেন, গত বছর প্রতি বিঘা জমিতে ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে আশা করছেন।

তার মতে, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর বুকে চর বুড়িরহাট এলাকার কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) জানান, তার ২৫ বিঘা আবাদি জমির সবই এখন নদীর বুকে জেগে ওঠা চরে। এর মধ্যে ১০ থেকে ১২ বিঘা জমিতে নিয়মিত বিভিন্ন ফসলের আবাদ করেন তিনি। গত বছর পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তার খেতের প্রায় সব ধানই পেকে গেছে।

যতীন চন্দ্র বলেন, 'এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়াও অনুকূলে ছিল। চরের কৃষকেরা সবাই খুশি। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ উঠিয়ে লাভবান হওয়া কঠিন হবে।'

একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটতে শুরু করেছেন। আবার অনেক কৃষক আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এবার তিনি সাত বিঘা জমিতে আমন চাষ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়।

আক্তার হোসেন বলেন, 'চরে ফসল লাগানোর পর থেকেই আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় ঠিকমতো ফসল ঘরে তুলতে পারি না। এবার তেমন প্রতিকূল পরিস্থিতি না থাকায় ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালী ধান দেখে আমাদের মনও আনন্দে ভরে গেছে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ জমির পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।

চরের জমিতে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার।

‘চরাঞ্চলের কৃষকেরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে এখন সোনালি ধান। এ নিয়ে কৃষকদের মধ্যে বেশ আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে,’ বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ