1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাগতিকদের মিলেছে সুখবর। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী।

ক্লাবের জার্সিতে দায়িত্ব পালন শেষে বাংলাদেশে পা রেখেছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগে ব্যস্ততার কারণে সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই লড়াইয়ে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর গতকাল রোববার রাতে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ইতোমধ্যে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর রেশ থাকতেই হামজার আগমন জাতীয় দলের ক্যাম্পে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নিতে মুখিয়ে আছেন সতীর্থরা।

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু হামজার ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর থেকে হামজাকে টিম হোটেলে নিয়ে যাওয়ার সময়ও সঙ্গে ছিলেন তিনি।

আমিরুল সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে হামজা বিশ্রাম নেবেন নাকি বিকালের অনুশীলন সেশনে যোগ দেবেন— সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিন বিকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুশীলন চলাকালে শুধু ছবি ও ভিডিও ধারণের সুযোগ পাবেন।

ক্লাব পর্যায়ে ইংল্যান্ডে খেলা আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও এদিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে ফ্লাইট জটিলতার কারণে তার আসতে কিছুটা দেরি হতে পারে। সন্ধ্যায় তিনি রাজধানীতে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন ম্যানেজার আমিরুল।

হামজার আগমনে জাতীয় দলের ডেরায় আনন্দের আবহ তৈরি হলেও সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভূমিকা আবারও সমালোচনার মুখে পড়েছে।

ভুটানের বিপক্ষে জয়ের পর টানা দ্বিতীয় দিনের মতো সংবাদমাধ্যম থেকে দূরে রাখা হয়েছে বাংলাদেশ দলকে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলের প্রস্তুতি সম্পর্কে নিয়মিত তথ্য পেতে সমস্যায় পড়ছেন ক্রীড়া সাংবাদিকরা।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। টুর্নামেন্টের আগের দিন অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে টানা ছয় দিন সাংবাদিকদের জাতীয় দল থেকে দূরে রাখা হয়েছিল। নিয়মিত সংবাদ সম্মেলন বা খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সুযোগ না থাকায় দলের প্রস্তুতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাননি দেশের ফুটবলপ্রেমীরা।

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য নক-আউট পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ। তবে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে থাকবেন হামজা। তার বহুল প্রতীক্ষিত আগমন সাফের শিরোপাপ্রত্যাশী বাংলাদেশের অভিযানে যোগ করেছে নতুন মাত্রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ