চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই স্থানে দুই নারী-পুরুষ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ও বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আবুল কালাম প্রকাশ (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। আর রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম গত শনিবার সকালে ছোট কমলদহ এলাকায় তার মেয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয়। মেয়ের বাড়ি থেকে আসা হলেও জীবন্ত আর নিজ গৃহে ফেরা হলো না বৃদ্ধ আবুল কালামের।অপরদিকে, রিজিয়া বেগম বিয়েবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। একই স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় পুরো মিরসরাইয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় নারী ও পুরুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।