স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
বুধবার (২৮ অক্টোবর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার মুখে পড়ল স্পেন। সংঘর্ষের সময় একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্য ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। আহতদের চিকিৎসা চলছে।
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশের অংশ হিসেবে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোপা দেল রে’র প্রথম রাউন্ডে বুধবার মাঠে নামার কথা ছিল লা লিগার পাঁচটি দলের। দলগুলো হলো লেভান্তে, আলাভেস, ভ্যালেন্সিয়া, সেল্তা ভিগো ও রিয়াল বেতিস। তবে দুর্ঘটনার কারণে তাদের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে স্পেনের শীর্ষ তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ সরাসরি শেষ ৩২ দলের পর্বে খেলবে। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও।
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ক্লাব দুটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।