ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ
বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, জেল-জুলুমের শিকার হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন, আগামী দিনে তাদের নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভা ও র্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইয়াসিন ফেরদৌস মোরাদ বলেন, দীর্ঘ সময় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে ধামরাই, সাভারসহ সমগ্র দেশেই যুবদলের অনেক সাংগঠনিক কমিটি দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নকে ডেকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে বর্তমানে সারা দেশে জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে ইউনিট কমিটি পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে।
দলে প্রতিযোগিতার কথা উল্লেখ করে যুবদলের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দলের পদ-পদবি না নিয়েও অনেকে রাজপথে লড়াই করেছেন। আমরা চাই, যুবদলের নেতৃত্বে যারা আসবেন, তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও আদর্শবান হন। ৫ আগস্টের পর এখন অনেক নেতা দেখা যাচ্ছে, যাদের সাড়ে ১৫ বছরের আন্দোলনে রাজপথে পাওয়া যায়নি। কোনো মনগড়া কমিটি করা হবে না। ৫ আগস্টের আগে ও পরে যারা ধারাবাহিকভাবে আন্দোলনে আছেন, তাদের সামনে নিয়েই পরীক্ষিত কমিটি করা হবে।’
খুব দ্রুতই ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট কমিটি ঘোষণা করা হবে জানিয়ে ইয়াসিন ফেরদৌস মোরাদ বলেন, সংগঠনের মূলনীতি ‘সবুজ, ঐক্য, প্রগতি’কে ধারণ করেই আগামী দিনের কর্মকাণ্ড পরিচালিত হবে। ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ঠিক একইভাবে আগামী দিনেও যে-কোনো নিষিদ্ধ ও গুপ্ত রাজনীতিকে প্রতিহত করা হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।