তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত 'সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন' সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্ত জানান।
মন্ত্রী বলেন, 'একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ ব্যাপারে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সজাগ রয়েছে।'
সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে।
সভায় মন্ত্রী কারখানা মালিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানান, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন বলে তিনি জানান। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সকলকে আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া-এর সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএমসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ আনসার সদস্যদের কারিগরি দক্ষতার মান উন্নয়নে প্রান্তিক ট্রেনিং সেন্টারসহ তিনটি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও পরিদর্শন করেন।
এসময় তিনি বিদেশি রাষ্ট্রদূতদের বেধে দেয়া কাজের উপর ভিত্তি করে দক্ষ জনশক্তি রপ্তানি কল্পে, জনবলের প্রসার বৃদ্ধিতে বিদেশীদের সাথে সুন্দর ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.