ঝালকাঠি প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানের জন্য যুবসমাজকে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। কোনো অবস্থাতেই দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
তিনি বলেন, ‘প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা গেলে ব্যক্তি, পরিবার ও দেশের অর্থনীতি সমানভাবে উপকৃত হবে।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আয়োজিত দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ন কবীর ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না।
এ সময় আরও বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, ঝালকাঠি বণিক সমিতির পরিচালক জয়ন্ত সাহা এবং বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলসের সহকারী ব্যবস্থাপক বিধান মণ্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসির প্রশিক্ষক আবু বাবের বিশ্বাস।
সেমিনারে বক্তারা বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি দক্ষতা, প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে। দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করলে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও মানবপাচারের ঝুঁকি বাড়ে।’
সেমিনারে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন, সরকারি প্রশিক্ষণ কার্যক্রম ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক চার যুবককে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকার পৃথক ঋণের চেক দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন তাদের হাতে এসব চেক তুলে দেন।