ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন রোববার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি বলেন, কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।